তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: রাজভবনের বিশেষ অনুষ্ঠানে আজ এক অনন্য কৃতিত্বের নজির গড়লেন ঘাটাল রবীন্দ্রশতবার্ষিকী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী পায়েল মণ্ডল। এনসিসি-তে বিশেষ পারদর্শিতার স্বীকৃতিস্বরূপ কলকাতার রাজভবনে রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস তাঁকে সম্মানজনক ‘গভরনর মেডাল’ ও মানপত্র প্রদান করেন। চন্দ্রকোণা-১ ব্লকের বেলাদণ্ড গ্রামের বাসিন্দা পায়েলের এই সাফল্যে খুশির হাওয়া এলাকায়।
ঘাটাল রবীন্দ্রশতবার্ষিকী মহাবিদ্যালয়ের অ্যাসোসিয়েট এনসিসি অফিসার লেফটেন্যান্ট কৌশিক প্রামাণিক জানিয়েছেন, দিল্লির ডিজিএনসিসি মাঠে আয়োজিত অল ইন্ডিয়া স্থল সৈনিক ক্যাম্পে ৪৫-বেঙ্গল ব্যাটেলিয়ন এনসিসির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন পায়েল। সেখানে অবস্ট্যাকল গ্রুপ প্যারেডে দুর্দান্ত প্রদর্শন করে নজর কেড়েছিলেন তিনি। সর্বভারতীয় স্তরে সেই বিশেষ কৃতিত্বের নিরিখেই আজ রাজ্যপাল তাঁকে এই সম্মানে ভূষিত করলেন। মেয়ের এই সাফল্যে গর্বিত পায়েলের পরিবার ও মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। এনসিসি-তে এই ধরণের সম্মান আগামী দিনে আরও ছাত্রছাত্রীকে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।







