কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল:ঘাটাল শহরে প্রায় ১৪ বছর পর ফের সার্কাস শুরু হতে চলেছে। ঘাটালে শেষ সার্কাস হয়েছিল ২০১১ সাল। ঘাটাল বিদ্যাসাগার স্কুলমাঠে। এবার অক্টোবর মাস থেকে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে ওই সার্কাস শো শুরু করবে। রাজধানী সার্কাস নামে ওই সার্কাসের দলটি ইতিমধ্যে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গিয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে সার্কাসের তাঁবু খাটানোর কাজ চলবে। ঘাটাল কলেজের অধ্যক্ষ ড. মণ্টুকুমার দাস সার্কাসকে ওই ছাড়পত্র দেওয়ার কথা স্বীকার করেছেন।
তবে এই সার্কাসকে কেন্দ্র করে সারা ঘাটাল শহরের ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্টেডিয়ামের মাঠটি প্রায় দেড় মাস ধরে সার্কাস কর্তৃপক্ষ ব্যবহার করবে। সার্কাস শেষ হতে না হতেই তার পরেই শুরু হবে ঘাটাল উৎসব ও শিশু মেলা। ফলে আগামী ৬ মাস ওই মাঠটিতে আর খেলাধুলোর চর্চা করা যাবে না। সেজন্য এর প্রতিবাদ জানিয়ে বিভিন্ন ক্লাব রাস্তায় নেমেছে।
সার্কাস শুরু হলেও কয়েক দশক আগের মতো সেই টান আর থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ সরকারি নিয়ম অনুযায়ী বর্তমানে ভারতে কোনো সার্কাস কর্তৃপক্ষ বাঘ, সিংহ, ভালুক, হাতি বা বানরের মতো কোনো বন্য প্রাণী খাঁচায় বন্দি রেখে খেলা দেখাতে পারে না। নিয়ম অমান্য করলে সার্কাসের লাইসেন্স বাতিল, মালিকের কারাদণ্ড এবং পশুদের বাজেয়াপ্ত করার আইনি বিধান রয়েছে। ওই সার্কাসে মূলত মানুষের শারীরিক কসরত, জাদু এবং অ্যাক্রোবেটিক্সের ওপর নির্ভর করেই শো পরিচালনা করা হবে বলে জানা গিয়েছে।
১৪ বছর পর ঘাটালে সার্কাস, মাঠ দখল ঘিরে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে সার্কাস






