শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: অবৈধ চোলাই মদের কারবার রুখতে জোরদার অভিযান চালাল ঘাটাল আবগারি দপ্তর ও দাসপুর থানা। শুক্রবার আবগারি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে দাসপুর থানার উত্তরবাড়, চাঁইপাট তেঁতুলতলা এবং ভূঁঞ্যাড়া এলাকার বিভিন্ন নিচু জলাজমি, খাল, পুকুর ও জঙ্গল সংলগ্ন দুর্গম স্থান থেকে প্রায় ৫০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির জন্য মজুত রাখা প্রায় ১২০০ লিটার কাঁচামাল উদ্ধার করে নষ্ট করে দেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে মদ তৈরির ৫টি হাঁড়িও। প্রশাসনের নজর এড়াতে নির্জন জায়গায় এগুলি লুকিয়ে রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চলে। অন্যদিকে, মদ বিক্রির অভিযোগে হোসেনপুর সামাট এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আবগারি দপ্তর। আজই ধৃতকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয়। আবগারি দপ্তর জানিয়েছে, চোলাইয়ের অবৈধ কারবার বন্ধে এমন অভিযান আগামী দিনেও জারি থাকবে।
চোলাই মদ অভিযানে ধৃত ১, নষ্ট বিপুল চোলাই ও মদ তৈরির কাঁচামাল







