নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ,ঘাটাল: আগামীকাল ১১ অক্টোবর, রবিবার ঘাটাল শহরের পশ্চিমাংশ-সহ ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের ঘাটাল ডিভিশনের এক ডিভিশনাল ইঞ্জিনিয়ার শেখ সরিফুল ইসলাম বলেন, বরদা নির্মলবাজার সাবস্টেশনে নিয়মিত ও প্রাক্-পুজো রক্ষণাবেক্ষণের জন্য আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওই সাবস্টেশনের সমস্ত ফিডারে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হবে। এর ফলে ঘাটাল শহরের শিলাবতী নদীর পশ্চিম দিকের সমস্ত এলাকা-সহ ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকায় ওই সময়ের জন্য বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হবে। এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তাই বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, রবিবার শাটডাউনের আগেই বিদ্যুতের প্রয়োজন হবে এমন সমস্ত কাজ সেরে রাখতে। সাবস্টেশনের রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়া মাত্রই যথাসম্ভব দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেওয়ার আশ্বাস দিয়েছেন ডিভিশনাল ইঞ্জিনিয়ার শেখ সরিফুল ইসলাম। নির্মলবাজার সাবস্টেশনের কাজের জন্য ঘাটাল শহরের শিলাবতী নদীর পূর্ব দিকের কোনও সমস্যা হবে না। কোন্নগর, কুশপাতা এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবা চালিয়ে রাখা হবে বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে জানানো হয়েছে।
আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না








