শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: ৭৫ শতাংশ প্রতিবন্ধকতা, চলাফেরার সঙ্গী লাঠি, তবু মানুষের প্রাণ বাঁচানোর লড়াইয়ে অদম্য মন্মথ মাইতি। শরীরের প্রতিবন্ধকতা তাঁর চলার পথকে কঠিন করেছে, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছাশক্তিকে একটুও দুর্বল করতে পারেনি। নিজের শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে রক্তদানের মাধ্যমে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দাসপুরের শ্রীপুরের মন্মথ মাইতি। লক্ষ্মীপুজো উপলক্ষে শ্রীপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে সবার আগে রক্ত দিতে এগিয়ে আসেন তিনি। এ বছর নিয়ে মোট ১৮ বার রক্তদান করে নজির গড়লেন এই মানবদরদি মানুষটি।
৭৫ শতাংশ প্রতিবন্ধকতা নিয়ে লাঠির সাহায্যে চলাফেরা করতে হয় মন্মথবাবুকে। তবুও তাঁর জীবনবোধে অসহায়তা নয়, প্রাধান্য পেয়েছে মানুষের জন্য কিছু করার অদম্য তাগিদ। যখন অনেকেই নানা অজুহাতে রক্তদান থেকে পিছিয়ে থাকেন, তখন শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মন্মথবাবুর এই উদ্যোগ বুঝিয়ে দেয়—মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সদিচ্ছা ও মানবিকতা।
মন্মথবাবু জানান, ২০১২ সাল থেকে তিনি নিয়মিত রক্তদান করে আসছেন। শুধু নিজের এলাকা নয়, মুম্বইয়েও রক্তদান করেছেন তিনি। দীর্ঘ এই পথচলায় এ বছর তাঁর রক্তদানের সংখ্যা পৌঁছেছে ১৮-তে। প্রতিটি রক্তদান যেন তাঁর কাছে কেবল একটি সামাজিক কাজ নয়, বরং অচেনা কোনও মানুষের জীবনে আশার আলো জ্বালানোর সুযোগ। তাঁর কথায়, “আমার রক্তে যদি একজন মানুষেরও উপকার হয়, সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ।”








