কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: খুব বেশি দিন আগের কথা নয়, আজ থেকে বছর দশেক আগেও সকালের পরিচিত ছবিটা অন্যরকম ছিল। ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক দেওয়ার সঙ্গেই বাঙালির দিন শুরু হত খবরের কাগজের গন্ধ মেখে। ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞান বাড়াতে এবং ভাষার দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত সংবাদপত্র পড়ার রেওয়াজ ছিল প্রতিটি পরিবারে। বাড়িতে সংবাদপত্র না থাকলে তারা যেত গ্রন্থাগারে বা পাড়ার ক্লাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অভ্যাস আজ ভুলতে বসেছে মানুষ। নতুন প্রজন্মের অধিকাংশ ছেলেমেয়ে আজকাল আর খবরের কাগজ কেনে না, এমনকি ছুঁয়েও দেখে না। ডিজিটালাইজেশনের এই যুগে তাদের গোটা জীবন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ার মায়াজালে। হাতের মুঠোয় থাকা স্মার্টফোন আর কম্পিউটারের উজ্জ্বল স্ক্রিনেই এখন বন্দি দুনিয়ার সমস্ত খবর। খবর পড়ার ইচ্ছে জাগলেও তার জন্য ভরসা ওই যান্ত্রিক পর্দা। ছাপা কাগজের সেই নিজস্ব গন্ধ আর পাতা উল্টে খবর পড়ার আনন্দ আজ যেন সমাজ থেকে পুরোপুরি হারিয়ে যেতে বসেছে।

যান্ত্রিক এই যুগে হারিয়ে যাওয়া সেই সোনালি অতীতকে ফিরিয়ে আনতে এক অভিনব ও সময়োপযোগী উদ্যোগ নিয়েছে ঘাটাল শহরের কোন্নগরের আড্ডাঘরের সদস্যবৃন্দ। এ বছর তাঁদের কালীপুজোর অষ্টম বর্ষ। এবারের মণ্ডপসজ্জার মূল বিষয় বা থিম হয়ে উঠেছে ‘সংবাদ সরণি’। ছাত্রছাত্রী, যুবক-যুবতী থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরের মানুষকে ফের ছাপা অক্ষরের সঙ্গে সখ্য গড়ে তোলার আবেগঘন আবেদন জানিয়েছেন তাঁরা। ডিজিটালাইজেশনের যুগে মানুষকে ফের সংবাদপত্রমুখী করে তোলার জন্যই তাঁদের এই বিশেষ প্রচেষ্টা। কলেজ মোড় থেকে মেন রাস্তা ছাড়িয়ে বিদ্যাসাগর হাইস্কুল যাওয়ার পথে রাস্তার উপরে ওই মণ্ডপ প্রাঙ্গণে পা রাখলেই দর্শনার্থীরা এক অন্য জগতে প্রবেশ করবেন। সারা মণ্ডপটি নিখুঁত দক্ষতায় তৈরি করা হয়েছে বিভিন্ন সংবাদপত্রের পাতা দিয়ে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বাইরের কোনও শিল্পী নয়, গোটা মণ্ডপটি ক্লাবের সদস্যরাই নিজেদের হাতে তৈরি করেছেন। প্রতি বছর নিজেদের ভাবনা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কিছু উপস্থাপন করার চেষ্টা করেন তাঁরা, যাতে পুজো আরও আকর্ষণীয় হয়ে ওঠে। সৌগত ঘোষ, দেবকান্তি ঘোষ, সোমপ্রকাশ মাজি, সৌরিন দোলই, অয়ন গুছাইত, পলাশ ভট্টাচার্য, সোহন বাগ, সৌরীপ মণ্ডল এবং সৌ
রদীপ সামন্তদের মতো বন্ধুরা মিলেই এই অপরূপ মণ্ডপটি সাজিয়ে তুলেছেন।
উদ্যোক্তারা জানিয়েছেন, পাড়ায় পাড়ায় অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে কালীপুজো উদযাপিত হয়, তাঁরাও সেই ধারা বজায় রেখেছেন। তবে তাঁদের কাছে এই পুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বন্ধুত্ব, ভালোবাসা আর একসঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তের উৎসব। সারা বছর কাজ ও পড়াশোনার ব্যস্ততায় বন্ধুরা যে যেখানেই থাকুন না কেন, পুজোর এই চার-পাঁচটা দিন সবাই আবার এক ছাদের তলায় ফিরে আসেন।
মণ্ডপের প্রতিটি কোণে যেন খবরের এক বিশাল দুনিয়া জীবন্ত হয়ে উঠেছে। ‘সংবাদ সরণি’ নামের এই থিম নিছকই কোনও শৈল্পিক নিদর্শন নয়, এর গভীরে লুকিয়ে রয়েছে এক সামাজিক দায়বদ্ধতা। উদ্যোক্তাদের আশা, দর্শনার্থীরা যখন এই মণ্ডপের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসবেন, তখন দেওয়ালে সাঁটানো কাগজের পাতায় চোখ রাখতেই তাঁদের মনে পড়ে যাবে ফেলে আসা সেই অভ্যাসের কথা। সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে ঘাটালের এই পুজো তাই শুধু চোখকে আনন্দ দেয় না, হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে যায়। এটি নিছকই আনন্দোৎসব নয়, বরং এক সুস্থ ও সচেতন সমাজ গড়ার এক নীরব ও সুন্দর আহ্বান।
ডিজিটাল যুগে সংবাদপত্র পড়ার অভ্যাস ফেরানোর বার্তা, ঘাটালের আড্ডাঘরের কালীপুজোয় নজর কাড়ল ‘সংবাদ সরণি’








