:স্কুল এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা কথা বিবেচনা করে এবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে ২০২৬ সালে বিদ্যাসাগর মেলা শুরু হচ্ছে ২৪ ডিসেম্বর। বিধায়ক শীতল কপাটের উদ্যোগেই মেলার তারিখ পরিবর্তন করে ২৪ ডিসেম্বর থেকে করা হচ্ছে। শীতলবাবু বলেন, ওই সময় স্কুল ছুটি থাকে এবং পড়াশোনার চাপও কম থাকে, সেজন্যই ডিসেম্বর মাসে বিদ্যাসাগর মেলার আয়োজন করা হচ্ছে। বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মহকুমার বাসিন্দারা। তাঁদেরও অভিমত, মেলার জন্য ডিসেম্বর মাসই উপযুক্ত। প্রসঙ্গত, বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে ১৯৯২ সালের ২৫ ডিসেম্বর মেলার সূচনা হয় এবং তা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলত। ২০১১ সালে বীরসিংহে বিদ্যাসাগর মেলা হয়নি। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর ২০১২ সাল থেকে মেলার তারিখ বদলে ৪ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি করা হয়। এবার ফের ডিসেম্বর মাসে মেলা শুরু হলে, হিসেবমতো ২০২৬ সালে দু’বার বিদ্যাসাগর মেলা হতে চলেছে কারণ এর আগেই ৪ জানুয়ারি ২০২৬ একবার মেলা অনুষ্ঠিত হয়ে গিয়েছে । এর আগেও ১৯৭১ সালে বীরসিংহে পশ্চিমবঙ্গ নিরক্ষরতা দূরীকরণ সমিতির উদ্যোগে এক বছরের জন্য বিদ্যাসাগর মেলা অনুষ্ঠিত হয়েছিল।
ডিসেম্বরে বীরসিংহে বিদ্যাসাগর মেলা হওয়ায় খুশি ঘাটাল মহকুমার বাসিন্দারা









