এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অন্তরালে থেকেও ইতিহাসের পাতায় অমর দিনময়ী দেবী, আজ তাঁর ২০১তম জন্মদিবস

Published on: November 15, 2026 । 11:59 AM

কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: ইতিহাসের পাতায় যাঁর স্বামীর নাম উজ্জ্বল অক্ষরে লেখা, সেই স্বামীর জীবনের আড়ালে থেকে যাওয়া এক মহীয়সী নারীর কথা কতটুকুই বা জানি আমরা? তিনি দিনময়ী দেবী। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহধর্মিণী, আবার এক স্নেহময়ী মা। স্বামীর প্রতি কর্তব্যনিষ্ঠা এবং সন্তানের প্রতি অকৃত্রিম মাতৃস্নেহ—দুইয়ের টানাপোড়েনের মধ্যেও যিনি নিজের বিশ্বাস ও দায়িত্ব থেকে বিচ্যুত হননি। আজ, ১৫ নভেম্বর ২০২৬, তাঁর ২০১তম জন্মদিবস। এই বিশেষ দিনটিতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল বীরসিংহ।

দিনময়ী দেবীর জন্মদিবস উপলক্ষে আজ বীরসিংহের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস পাত্র, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহসভাপতি স্বরূপ সামুই, মদন দোলুই, অম্বিকা সাঁতরা, তরুণ চৌধুরী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে দিনটিকে আরও অর্থবহ করে তুলতে পথে নামে বর্ণপরিচয় সাইকেল র‍্যালি গ্রুপের সদস্যরা। সাইকেলে চেপে তাঁরা এগিয়ে যান দিনময়ীদেবীর পিত্রালয়, খীরপাইয়ের ঐতিহাসিক ভট্টাচার্য ভবনের উদ্দেশে। জন্মদিবসে এই সাইকেল যাত্রা যেন ইতিহাসের আড়ালে থাকা এক নারীর জীবন ও অবদানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রয়াস। যে নারীর জীবনকথা আজও অনেকের কাছে অজানা, তাঁর জন্মভিটেয় পৌঁছে তাঁকে স্মরণ করার এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

১৮২৬ সালের ১৫ নভেম্বর খীরপাইয়ের ভট্টাচার্য পরিবারে জন্মগ্রহণ করেন দিনময়ীদেবী। তাঁর পিতা ছিলেন শত্রুঘ্ন ভট্টাচার্য। মাত্র সাত বছর বয়স পেরিয়ে আটে পা দেওয়ার সময়, ১৮৩৪ সালে তাঁর বিবাহ হয় ঈশ্বরচন্দ্রের সঙ্গে। তখন ঈশ্বরচন্দ্রের বয়স মাত্র ১৪ বছর। তিনি তখনও বিদ্যাসাগর হয়ে ওঠেননি, ছিলেন সংস্কৃত কলেজের ছাত্র এবং জ্ঞানার্জনের পথে এগিয়ে চলা এক তরুণ। পরবর্তীকালে এই ঈশ্বরচন্দ্রই হয়ে ওঠেন উনিশ শতকের বাংলার অন্যতম শ্রেষ্ঠ সমাজসংস্কারক, শিক্ষাবিদ ও মানবতাবাদী ব্যক্তিত্ব। কিন্তু তাঁর এই দীর্ঘ জীবনসংগ্রামের পাশে থাকা দিনময়ী দেবীর নিজস্ব জীবনকাহিনি ইতিহাসের আলোচনায় অনেকটাই অনুচ্চারিত থেকে গিয়েছে।

বিদ্যাসাগরের মতো ব্যক্তিত্বের সহধর্মিণী হয়েও দিনময়ীদেবী কখনও স্বামীর খ্যাতির ভাগীদার হওয়ার চেষ্টা করেননি। তাঁর জীবন ছিল অনেকটাই সংসার, সন্তান, কর্তব্য এবং ধর্মাচরণের পরিসরে আবদ্ধ। স্বামীর আদর্শ ও ব্যক্তিত্বকে সম্মান করলেও নিজের মতো করে জীবনযাপন করেছেন। বিশেষ করে পারিবারিক সংকটের সময়ে তাঁর মানসিক দৃঢ়তা ও মাতৃত্বের পরিচয় এক অসাধারণ মানবিক অধ্যায়।

দিনময়ী দেবীর জীবনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলির অন্যতম তাঁর একমাত্র পুত্র নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। পুত্রের সঙ্গে মতবিরোধ ও নানা পারিবারিক কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একসময় নারায়ণচন্দ্রকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন। কিন্তু পিতার এই সিদ্ধান্তের পরেও মায়ের হৃদয় থেকে সন্তানের প্রতি স্নেহ মুছে যায়নি। কথিত আছে, স্বামীর সিদ্ধান্তের বিরোধিতা প্রকাশ্যে না করেও দিনময়ী দেবী নিজের অলংকার বিক্রি করে পুত্রের কাছে অর্থ পাঠিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র দাম্পত্য কলহের সৃষ্টি হয়। তবুও মাতৃত্বের জায়গা থেকে তিনি সরে আসেননি। এখানেই দিনময়ী দেবীর চরিত্রের এক অসাধারণ দিক সামনে আসে। একদিকে স্বামীর প্রতি শ্রদ্ধা ও কর্তব্যবোধ, অন্যদিকে সন্তানের প্রতি মায়ের স্বাভাবিক টান—এই দুইয়ের মধ্যে তিনি নিজের মতো করে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছিলেন। স্বামীর সঙ্গে প্রকাশ্য বিরোধে না গিয়ে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেন অন্তরালের জীবনে। পুজো-অর্চনা ও ধর্মীয় কাজে নিজেকে ব্যস্ত রাখেন। কিন্তু স্বামী ও পুত্র, কারও প্রতিই নিজের দায়িত্ববোধ বিসর্জন দেননি।

বিদ্যাসাগরকে আমরা মনে রাখি তাঁর শিক্ষাবিস্তার, বিধবাবিবাহ আন্দোলন, নারীশিক্ষার প্রসার এবং অসামান্য মানবিকতার জন্য। কিন্তু একজন মানুষের জীবনের বাইরের সাফল্যের পাশাপাশি থাকে তাঁর ব্যক্তিগত জীবনের নানা সংগ্রাম, ত্যাগ ও পারিবারিক পরিসর। দিনময়ী দেবীর জীবন সেই অনুচ্চারিত অধ্যায়েরই একটি অংশ। তাঁর ত্যাগ, উদারতা, সহিষ্ণুতা এবং সংসারের প্রতি নিষ্ঠা বিদ্যাসাগরের জীবনপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়। শাশুড়িমায়ের কাছেও তিনি ছিলেন অত্যন্ত আদরের। অর্থাৎ পারিবারিক জীবনে নানা টানাপোড়েন থাকলেও তিনি নিজের অবস্থান ও মর্যাদা বজায় রেখেছিলেন।

১৮৮৮ সালের ১৩ আগস্ট দিনময়ী দেবী শেষনিঃশ্বাস ত্যাগ করেন। স্বামীর মৃত্যুর আগেই তাঁর জীবনাবসান ঘটে। কিন্তু তাঁর জীবনকথা আজও আমাদের সামনে এক কঠিন প্রশ্ন তুলে ধরে—ইতিহাসে যাঁদের নাম উজ্জ্বল, তাঁদের পাশে নীরবে জীবন কাটিয়ে দেওয়া মানুষগুলির অবদান আমরা কতটা মনে রাখি?

দিনময়ীদেবীকে কেবল বিদ্যাসাগরের স্ত্রী হিসেবে দেখলে তাঁর জীবন ও ব্যক্তিত্বের পূর্ণ পরিচয় পাওয়া যায় না। তিনি ছিলেন এক বালিকা বধূ, এক সংসারী নারী, এক দৃঢ়চেতা মা এবং নিজের আবেগকে সংযত রেখে কর্তব্য পালন করে যাওয়া এক নিভৃতচারী মানুষ। তাঁর জীবনের সবচেয়ে বড় পরিচয় হয়তো এটাই—স্বামীর প্রতি শ্রদ্ধা বজায় রেখেও সন্তানের প্রতি মাতৃত্বের দায় তিনি ভুলতে পারেননি।

আজ তাঁর ২০১তম জন্মদিবসে বীরসিংহের স্মৃতি মন্দিরে মাল্যদান এবং সেখান থেকে বর্ণপরিচয় সাইকেল র‍্যালি গ্রুপের সদস্যদের ক্ষীরপাইয়ের ভট্টাচার্য ভবনের উদ্দেশে যাত্রা কেবল একটি জন্মদিন উদযাপন নয়। এটি ইতিহাসের বিস্মৃত এক নারীকে তাঁর জন্মভূমির সঙ্গে নতুন করে যুক্ত করার প্রয়াস।

বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ যেমন আমাদের গর্ব, তেমনই দিনময়ীদেবীর পিত্রালয় ক্ষীরপাইও তাঁর জীবনস্মৃতির এক গুরুত্বপূর্ণ ঠিকানা। প্রয়োজন এই দুই স্মৃতিকে একসূত্রে বেঁধে দিনময়ী দেবীর জীবন, তাঁর ত্যাগ এবং তাঁর মাতৃত্বের কাহিনী আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। কারণ ইতিহাস শুধু যাঁরা সামনে থেকে পথ দেখান, তাঁদের নিয়েই তৈরি হয় না; যাঁরা নিভৃতে থেকে সেই পথচলাকে সম্ভব করে তোলেন, তাঁরাও ইতিহাসের সমান মর্যাদার দাবিদার।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177