কেয়ামণ্ডল চৌধুরী ,স্থানীয় সংবাদ, ঘাটাল:ঘাটাল থানার খড়ার গোবিন্দপুর পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় একটি যাত্রীবোঝাই টোটো এবং রয়্যাল এনফিল্ড মোটরবাইকের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুই শিশু-সহ মোট সাতজন গুরুতর জখম হয়েছেন। বুধবার সন্ধ্যায় ওই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুর্ঘটনার সময় ওই টোটোটিতে মোট ন’জন যাত্রী ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে আসা বাইকটির সঙ্গে টোটোটির সজোরে ধাক্কা লাগে।
দুর্ঘটনার অভিঘাতে টোটোটি উল্টে গিয়ে ছয় যাত্রী আহত হন। অন্যদিকে, বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন চালক আকাশ খাঁ । তাঁর বাড়ি চন্দ্রকোণা থানার আগর গ্রামে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে দুই শিশুর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত যান দুটিকে উদ্ধার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ঘাটালে টোটো ও মোটরবাইকের ভয়াবহ সংঘর্ষ, দুই শিশু-সহ জখম সাত








