সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ : অজানা নম্বর থেকে ফোন। ফোনের ওপার থেকে একে একে জানানো হচ্ছে BLO-র নাম, তাঁর দায়িত্বপ্রাপ্ত বুথের নাম ও নম্বর, এমনকী কোন বিধানসভা ও লোকসভা কেন্দ্রের অধীনে সেই বুথ, সেই তথ্যও। এরপরই কড়া গলায় প্রশ্ন, “আপনি এত পর্ন ভিডিও দেখছেন কেন? আমি কলকাতা ক্রাইম ব্রাঞ্চ থেকে বলছি। আপনার এই অপরাধের জন্য আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এমন ফোন পেয়ে ঘাবড়ে গেলেই বিপদ! অভিযোগ, ভয় দেখিয়ে রফার প্রস্তাবের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়াই হতে পারে এই ফোনের উদ্দেশ্য। অনেকেই হয়তো লোকলজ্জার ভয়ে মুখ খুলছেন না, কারও আবার ইতিমধ্যেই আর্থিক ক্ষতি হয়ে থাকতে পারে।ঘাটালের বিভিন্ন এলাকায় BLO-দের মোবাইলে এমন ফোন আসার অভিযোগ উঠছে। আজ বুধবার সকালে +91 70549 95301 নম্বর থেকে ঘাটাল বিধানসভার এক BLO-র কাছে আসে এমনই ফোন। তবে ফোনের ওপার থেকে আসা হুমকিতে ভয় না পেয়ে পাল্টা সপাট জবাব দেন ওই BLO। তাঁর বক্তব্য, “আমার মোবাইল, আমার নেট। আমি কী দেখব, সেটা আমার বিষয়। তাতে আপনি নাক গলাবার কে?”
BLO-দের ফোনে কলকাতা ক্রাইম ব্রাঞ্চের নাম করে হুমকি! পর্ন ভিডিও দেখার অভিযোগ তুলে প্রতারণার ফাঁদ?
By সৌমেন মিশ্র
Published on: November 4, 2026 । 2:44 PM






