সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: স্বামী নিজেই ফোন করে পুলিশকে জানায় ঘটনার কথা। বর্তমানে অভিযুক্ত স্বামী থানায়। ভালোবাসার সম্পর্কের পর ৫ বছর আগে বিয়ে। রয়েছে ২ বছরের পুত্রসন্তান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এতদিন সংসার স্বাভাবিকভাবেই চলছিল। ভিনরাজ্যে কাজে থাকলেও বর্তমানে স্বামী সব্জির ব্যবসা করেন। অভিযোগ, স্ত্রীর সব চাওয়া পূরণ করা থেকে রান্না করে খাইয়ে দেওয়া—সবই করতেন স্বামী। কিন্তু সেই সম্পর্কেই হঠাৎ ভয়াবহ পরিণতি। স্ত্রীর পরকীয়ার সন্দেহে গলায় ছুরি চালানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুর থানার পাইকান বোয়ালিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ওই গ্রামের দোলই পরিবারের সদানন্দ দোলই তাঁর স্ত্রী মৌমিতা দোলইয়ের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত মৌমিতাকে প্রথমে দাসপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, ঘটনার পর সদানন্দ পালিয়ে না গিয়ে নিজেই পুলিশে ফোন করে বিষয়টি জানান। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। সদানন্দের দাবি, স্ত্রী মৌমিতার অবৈধ সম্পর্ক রয়েছে। এদিন সকাল থেকেই তিনি বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন বলেও অভিযোগ তাঁর। সদানন্দের দাবি, এর আগেও এমন ঘটনা ঘটেছিল। স্ত্রীকে কোনওভাবেই আর কাছছাড়া করতে চাননি তিনি। সকাল থেকে স্ত্রী কিছু খাচ্ছিলেন না বলে নিজেই তাঁকে খাবার খাইয়ে দিতে যান। কিন্তু এরপর ধৈর্যচ্যুতি ঘটে। বিকেলের দিকে কথা-কাটাকাটির পর হাতের সামনে থাকা ছুরি দিয়ে স্ত্রীর গলায় কোপ মারেন বলে দাবি সদানন্দের। ঘটনার পর বাড়ি থেকে না পালিয়ে তিনি নিজেই পুলিশে সব জানান। এদিকে মৌমিতার মা মনি দোলইয়ের অভিযোগ, জামাই সদানন্দ নিয়মিত মদ্যপান করে মেয়ের উপর অত্যাচার করত। চলত শারীরিক নির্যাতনও। সেই অত্যাচার সহ্য করতে পারত না মেয়ে। জামাই সদানন্দের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন শাশুড়ি মনি দোলই। তবে সবার আগে তাঁদের একটাই লক্ষ্য, মেয়েকে প্রাণে বাঁচানো।
দাসপুরে চাঞ্চল্যকর ঘটনা, স্ত্রীর গলায় ছুরি চালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে
By সৌমেন মিশ্র
Published on: April 26, 2026 । 11:50 AM



