সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: গবাদি পশু নেই এক দশকের বেশি। অথচ ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন’ প্রকল্পে প্রায় এক লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে গোশালা তৈরির সুযোগ পেলেন দাসপুর-১ ব্লকের হরিরাজপুরের বিজেপি নেতা প্রভাসকুমার মাইতি। তাঁর বাড়িতে ইতিমধ্যেই প্রকল্পের বোর্ড বসেছে। স্থানীয় সূত্রে খবর, ২০১৯ সালের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা প্রভাসবাবু মূলত মেদিনীপুর শহরে নিজের দোতলা বাড়িতেই থাকেন। ২০১০ সালের পর তাঁর বাড়িতে গোরু পালন হয়নি, কোনও গোয়ালঘরও নেই।
অভিযোগ, শাসকদলকে প্রভাবিত করেই তিনি এই প্রকল্প হাতিয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ শাসক, বিরোধী থেকে শুরু করে খোদ বিজেপি কর্মীরাও। দলের একাংশ ও স্থানীয়রা পঞ্চায়েত প্রধান এবং বিডিও অফিসে গণস্বাক্ষর-সহ অভিযোগ জানিয়েছেন। প্রশাসন জানিয়েছে, তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট যাবে। চন্দ্রকোণার বিধায়ক সুকান্ত দলুই খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও প্রভাসবাবুর দাবি, প্রশাসন তদন্ত করেই প্রকল্প মঞ্জুর করেছে এবং নির্দিষ্ট কাজেই সেটি ব্যবহৃত হবে।
গোরু নেই এক দশকের বেশি, গোশালা প্রকল্পের টাকা পেয়ে বিতর্কে বিজেপি নেতা








