তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: ২০২৬ সালের দুর্গাপুজোর অনুমতির জন্য রাজ্যের SAHAJ অনলাইন সিঙ্গেল উইন্ডো (https://sahaj.wb.gov.in/)পুজো পারমিশন পোর্টাল চালু হয়ে গেল। আবেদন করা যাবে ১২ অক্টোবর রাত ১১টা পর্যন্ত। বিগত বছর পুজোর অনুমতির জন্য এই পোর্টালে আবেদন করা পুজো কমিটিগুলির ক্ষেত্রে কাজ আরও সহজ হয়েছে। আগের অ্যাকাউন্টের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে OTP-এর মাধ্যমে লগইন করলে পুরনো অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। তবে এ বার আবেদন করতে বসার আগে বেশ কিছু তথ্য হাতের কাছে রাখা জরুরি। এর মধ্যে রয়েছে মূল পুজো মণ্ডপের কাভার করা এলাকার পরিমাণ, মণ্ডপের বাইরে কাভার করা এলাকার পরিমাণ, মণ্ডপের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ(দশমিকের পরে চার ঘর পর্যন্ত) মাটি থেকে প্রতিমার উচ্চতা, পুজো শুরুর তারিখ, বিসর্জনের তারিখ, সম্ভাব্য VIP-এর সংখ্যা, ভলান্টিয়ারের সংখ্যা এবং পুজোর বাজেট। কোথায় প্রতিমা বিসর্জন হবে এবং বিসর্জনের সম্ভাব্য সময়ের তথ্যও দিতে হবে। এ ছাড়া কত বিদ্যুৎ সংযোগ প্রয়োজন, ডেকরেটরের নাম ও লাইসেন্স নম্বর, ইলেকট্রিশিয়ানের নাম ও লাইসেন্স নম্বর-সহ বিভিন্ন তথ্য প্রস্তুত রাখতে হবে। শুধু তথ্য নয়, আপলোড করতে হবে একাধিক নথিও। সরকারি পোর্টালে গত বছরের পুজোর পারমিশন, জমির মালিকের NOC, বিদ্যুৎ বিল, ইলেকট্রিশিয়ানের ডিক্লারেশন, ডেকরেটরের ডিক্লারেশন, সাইট প্ল্যান, সভাপতির/সম্পাদকের স্বাক্ষর, ভলান্টিয়ার তালিকা, পুজোর বাজেট সংক্রান্ত নথি এবং বিসর্জনের রুট চার্ট-সহ বিভিন্ন নথি চাওয়া হয়েছে। পোর্টালের ডাউনলোড বিভাগ থেকেই ডেকরেটর, ইলেকট্রিশিয়ান, সেফটি ডিক্লারেশন এবং জমির NOC-এর নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আবেদন একবার চূড়ান্তভাবে জমা দেওয়ার পর তা সংশোধনের সুযোগ নেই। তাই ফাইনাল সাবমিশনের আগে তথ্য ও আপলোড করা নথি ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।








