এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সম্ভাবনাময় ফুটবলারের উত্থান ঘাটালে

Published on: February 6, 2026 । 11:03 AM

তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল মহকুমার ক্রীড়াজগতে ফের এক উজ্জ্বল নক্ষত্রের উদয় ঘটল। সদ্য সমাপ্ত বেঙ্গল সুপার লিগে নিজের ফুটবল প্রতিভার স্বাক্ষর রেখে মহকুমা তথা জেলার নাম উজ্জ্বল করলেন ক্ষীরপাইয়ের যুবক শুকচাঁদ কিস্কু। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তাঁর দল রানার্স হলেও, ব্যক্তিগত নৈপুণ্যে মাঠ মাতিয়ে দিয়েছেন এই লেফট সাইড ডিফেন্সের খেলোয়াড়।
ক্ষীরপাই পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ধরমপুর গ্রামের বাসিন্দা ২৫ বছর বয়সি শুকচাঁদ কিস্কু। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তাঁর অমোঘ টান। অতি সাধারণ কৃষক পরিবারের সন্তান শুকচাঁদের উত্থান রূপকথার চেয়ে কম কিছু নয়। বাবা শম্ভু কিস্কু পেশায় চাষি এবং মা সুমিতা কিস্কু গৃহবধূ। অভাব-অনটনের সঙ্গে লড়াই থাকলেও পড়াশোনা ও খেলাধুলো থেকে কখনও পিছু হটেননি তিনি। তাঁর ভাই গোরাচাঁদ কিস্কু ভূগোলে স্নাতকোত্তর ডিগ্রিধারী। গ্রামের ধুলোবালি মাখা মাঠ থেকে শুরু হওয়া সেই সফর আজ তাঁকে বাংলার ফুটবল মানচিত্রে এক বিশেষ পরিচিতি এনে দিয়েছে।
শুকচাঁদের ভাই রূপচাঁদ কিস্কু জানান, নিজের শহর ও জেলার বিভিন্ন প্রান্তের টুর্নামেন্টে অংশ নিয়ে অসংখ্য ট্রফি জিতেছেন শুকচাঁদ। ২০২২ সাল থেকে কলকাতার বড় ক্লাবগুলিতে খেলার সুযোগ তৈরি হয় তাঁর। প্রথমে ইস্টার্ন রেলওয়ে, এরপর ডালহৌসি ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ও পুলিশ অ্যাথলেটিক ক্লাবের হয়ে সাফল্যের সঙ্গে মাঠ সামলেছেন তিনি। গত নভেম্বর মাসে তাঁর মুকুটে নতুন পালক যুক্ত হয় বেঙ্গল সুপার লিগে সুযোগ পাওয়ার মাধ্যমে। ১৪ ডিসেম্বর জিএইচআর রয়্যাল সিটি ফুটবল ক্লাবের হয়ে মালদহে প্রথমবার এই লিগে খেলতে নামেন তিনি।
শুকচাঁদের ফুটবল জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত বেঙ্গল সুপার লিগের ফাইনাল ম্যাচটি। হাওড়া-হুগলি ওয়ারিয়রের বিরুদ্ধে ওই টানটান উত্তেজনার ম্যাচে রক্ষণে অতন্দ্র প্রহরীর কাজ করার পাশাপাশি বিপক্ষের জালে বল জড়িয়ে গোল পরিশোধ করেন শুকচাঁদ। যদিও শেষ পর্যন্ত তাঁর দল ৩-২ ব্যবধানে পরাজিত হয়ে রানার্স ট্রফিতেই সন্তুষ্ট থাকে, কিন্তু লেফট ব্যাক পজিশনে শুকচাঁদের একক কৃতিত্ব ক্রীড়াপ্রেমীদের নজর কেড়েছে। ঘরের ছেলের এই সাফল্যে বর্তমানে খুশির হাওয়া ধরমপুর গ্রাম সহ সমগ্র ক্ষীরপাই এলাকায়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad