এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের জয়িতার স্বর্ণপদক জয়, লক্ষ্য দেশের হয়ে গবেষণা

Published on: September 7, 2026 । 9:52 AM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: শিক্ষক দিবসের দিন বিশেষ সম্মানে ভূষিত হলেন দাসপুরের চক ঝুমঝুমি গ্রামের বাসিন্দা জয়িতা। কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমটেক স্তরে অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে তিনি স্বর্ণপদক লাভ করেছেন। গত ৫  সেপ্টেম্বর কলেজ ক্যাম্পাসের ভেতরে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে এই সোনার মেডেল এবং শংসাপত্র তুলে দেওয়া হয়। মেয়ের এই অসাধারণ সাফল্যে খুশির হাওয়া মান্না পরিবার সহ সমগ্র দাসপুর জুড়ে।
ছোটবেলা থেকেই মেধাবী জয়িতার শিক্ষাজীবনের শুরু খাটবাড়ই প্রাইমারি স্কুল থেকে। এরপর রাধাকান্তপুর হাইস্কুল থেকে মাধ্যমিক এবং সোনাখালি হাইস্কুল থেকে তিনি উচ্চ মাধ্যমিক সসম্মানে উত্তীর্ণ হন। পরবর্তীতে কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক সম্পূর্ণ করে তিনি কলকাতার হেরিটেজ কলেজে এমটেক করতে ভরতি হয়েছিলেন। তাঁর বাবা রামকৃষ্ণ মান্না পেশায় একজন শিক্ষাবন্ধু এবং মা অর্চনা মান্না গৃহবধূ। জয়িতার একমাত্র বোন অমৃতা মান্না বর্তমানে প্যারামেডিক্যাল নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন। বাবা এবং মায়ের সার্বিক সমর্থন ও অধ্যবসায় তাঁর এই সাফল্যের মূল চাবিকাঠি।
এমটেক-এ স্বর্ণপদক জয়ের পর জয়িতা বর্তমানে আইআইটি ভুবনেশ্বরে অপ্টো ইলেকট্রনিক্স বিষয় নিয়ে পিএইচডি করছেন। আগামী কয়েক বছর তিনি গবেষণার কাজেই নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে চান। ভবিষ্যতে একজন সফল গবেষক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে দেশের কল্যাণে কাজ করাই তাঁর একমাত্র লক্ষ্য। তাঁর এই নিরলস প্রচেষ্টা এবং গবেষণার প্রতি প্রবল আগ্রহ আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad