সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার রূপনারায়ণ নদ থেকে অবৈধভাবে বালি তুলে গাড়িতে করে পাচারের অভিযোগ উঠল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার অভিযান চালিয়ে একটি বালি বোঝাই গাড়ি আটক করে দাসপুর থানার পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি বালি বোঝাই গাড়িটিও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দাসপুর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নদ-নদী থেকে কোনওভাবেই অবৈধভাবে বালি তোলা যাবে না। অবৈধভাবে বালি তুলে পাচারের সঙ্গে কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ আরও জানিয়েছে, ইতিমধ্যেই একাধিক এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কোথাও অবৈধভাবে বালি তোলার ঘটনা সামনে এলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার





