এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

কয়েক কোটি টাকা গায়েব করে ম্যানেজার পলাতক, গ্রাহকদের চোখে জল

Published on: June 5, 2026 । 9:01 PM

সমবায়ে জমা রাখা টাকা না পেয়ে সমবায়ে গিয়ে বিক্ষোভ।  দাসপুর-দুই ব্লকের গোপালপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে প্রায় আট কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এল। দীর্ঘ ছয় বছর অডিট না হওয়ার সুযোগ নিয়ে সমবায়ের ম্যানেজার সুমিত চক্রবর্তী এই বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে বর্তমানে বেপাত্তা। অভিযোগ, গ্রাহকদের গচ্ছিত টাকা তিনি নিজের ব্যক্তিগত স্বার্থে চড়া সুদে বাজারে খাটানোর পাশাপাশি নিজের সম্পত্তিও বৃদ্ধি করেছেন। নিজেদের কষ্টার্জিত সঞ্চয় ফেরত না পেয়ে শুক্রবার সমবায়ের সামনে প্রবল বিক্ষোভ দেখান প্রতারিত আমানতকারীরা। আয়কর বাঁচানোর উদ্দেশ্যে বহু ব্যবসায়ী এই সমবায়ে বিপুল পরিমাণ টাকা রাখতেন। কিন্তু বর্তমানে চিকিৎসা, পড়াশোনা বা বিয়ের মতো জরুরি প্রয়োজনে সাধারণ মানুষ টাকা তুলতে গিয়ে চূড়ান্ত হতাশ হয়ে খালি হাতে ফিরছেন। জমি বিক্রি করে টাকা রাখা দৃষ্টিহীন অরুণ মাল থেকে শুরু করে ব্যবসায়ী নন্দদুলাল বেরার মতো অসংখ্য গ্রাহক চরম ভোগান্তির শিকার। এমনকি সমবায়ের কর্মীরাও দীর্ঘদিন বেতন পাচ্ছেন না এবং নিত্যদিন গ্রাহকদের ক্ষোভের মুখে পড়ছেন। বর্তমান পরিচালন বোর্ডের সম্পাদক নিতাই মণ্ডল এই তছরুপের কথা অকপটে স্বীকার করে নিজেদের অসহায়তার কথা জানিয়েছেন। এদিকে, জেলা সমবায় দপ্তর পুরো ঘটনার উপর কড়া নজর রাখছে এবং প্রতারিত গ্রাহকদের অবিলম্বে অভিযুক্ত ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরামর্শ দিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad