এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

জয়নগরের নব রূপকার ডাঃ বিমান ঘোষের স্মরণে আবক্ষ মূর্তি উন্মোচন

Published on: September 13, 2026 । 5:33 PM

চিরঞ্জীব দাস, স্থানীয় সংবাদ, ঘাটাল: জয়নগর গ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে যাঁর অবদান আজও স্মরণীয়, সেই প্রয়াত চিকিৎসক ডাক্তার বিমান ঘোষের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল জয়নগর। তাঁর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে আজ ১৩ সেপ্টেম্বর অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে জয়নগর গ্রামে তাঁর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়।

প্রয়াত ডাক্তার বিমান ঘোষের পরিবারবর্গ এবং জয়নগর এডুকেশন সোসাইটির উদ্যোগে আয়োজিত ওই অনাড়ম্বর অনুষ্ঠানে আবক্ষ মূর্তি উন্মোচনের পাশাপাশি একটি সংক্ষিপ্ত স্মরণসভারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা শাসক এম. এন. রায়, যিনি প্রয়াত ডাক্তার বিমান ঘোষের মামা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার সুজাতা মণ্ডল-সহ একাধিক চিকিৎসক। অনুষ্ঠানে ডাক্তার বিমান ঘোষের পরিবারের সদস্যদের পাশাপাশি জয়নগর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং গ্রামের বহু মানুষ উপস্থিত ছিলেন।

আবক্ষ মূর্তি উন্মোচনের পর স্মরণসভায় বক্তারা প্রয়াত চিকিৎসকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। জয়নগরের মানুষের জন্য তাঁর চিকিৎসা পরিষেবা, সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং গ্রামের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন উপস্থিতরা। অনেকেই তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত ও কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।

স্থানীয় মানুষের কাছে ডাক্তার বিমান ঘোষ ছিলেন শুধু একজন চিকিৎসক নন, তিনি ছিলেন জয়নগরের উন্নয়নের অন্যতম পথিকৃৎ। তাঁর কর্ম ও চিন্তাভাবনা জয়নগরের সামাজিক ও শিক্ষাক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলেছিল। তাই তাঁর মৃত্যুবার্ষিকীতে আবক্ষ মূর্তি স্থাপনের উদ্যোগকে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি আগামী প্রজন্মের কাছে তাঁর অবদানকে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন উপস্থিত সকলে। শ্রদ্ধা, স্মৃতিচারণ ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান শেষ হয়। জয়নগরের মানুষের হৃদয়ে ডাক্তার বিমান ঘোষের স্মৃতি ও তাঁর অবদান যে দীর্ঘদিন অম্লান থাকবে, এদিনের অনুষ্ঠান যেন তারই প্রতিফলন হয়ে উঠল।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177