তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ‘Our Goal is Zero Accident’—এই স্লোগানকে সামনে রেখে ঘাটালে পালিত হল ৫৫তম জাতীয় নিরাপত্তা সপ্তাহ। বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বাড়ানো এবং দুর্ঘটনা এড়ানোর বার্তা ছড়িয়ে দিতে মঙ্গলবার ১০ মার্চ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের ঘাটাল ডিভিশনের উদ্যোগে আয়োজন করা হয় নানা কর্মসূচির। এদিন সকালে ঘাটাল বিদ্যাসাগর স্কুলের খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপস্থিত বিদ্যুৎকর্মী ও আধিকারিকদের শপথবাক্য পাঠ করান বিদ্যুৎ দপ্তরের ঘাটাল ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার তথা ডিভিশন ম্যানেজার শান্তনু সাহা। নিরাপত্তা বিধি মেনে কাজ করা এবং বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে সর্বদা সতর্ক থাকার অঙ্গীকার নেন সকলে। এরপর শুরু হয় একটি বর্ণাঢ্য সচেতনতামূলক পদযাত্রা। বিদ্যুৎ দপ্তরের কর্মী ও আধিকারিকদের অংশগ্রহণে সেই পদযাত্রা ঘাটাল শহরের একাংশ পরিক্রমা করে। হাতে প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষকে বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়। রাস্তার ধারে দাঁড়িয়ে বহু মানুষ এই পদযাত্রা প্রত্যক্ষ করেন। পদযাত্রা শেষে বিদ্যুৎ দপ্তরের ডিভিশন অফিসে আয়োজিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। সেই সঙ্গে ছিল কুইজ প্রতিযোগিতার আয়োজনও। অনুষ্ঠানে নিরাপত্তা সপ্তাহের তাৎপর্য ব্যাখ্যা করে ডিভিশনের মানবসম্পদ আধিকারিক অঞ্জনকুমার দত্ত বলেন, বিদ্যুৎ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ হলেও সামান্য অসাবধানতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই কর্মক্ষেত্রের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বৈদ্যুতিক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের ঘাটাল ডিভিশনের এই উদ্যোগ শহরের মানুষের নজর কাড়ে। অনুষ্ঠানের মাধ্যমে কেবল সচেতনতার বার্তাই ছড়িয়ে পড়েনি, বরং দৈনন্দিন জীবনে বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর গুরুত্বপূর্ণ পাঠও পেয়েছেন বহু মানুষ।

লক্ষ্য হোক শূন্য দুর্ঘটনা’, ঘাটালে জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন বিদ্যুৎ নিগমের




