মৌমিতা দাঁ, স্থানীয় সংবাদ,ঘাটাল: সোমবার রাতে ঝড়-বৃষ্টির দাপটে বিদ্যুৎহীন হয়ে পড়েছে মহকুমার বিস্তীর্ণ এলাকা। অধিকাংশ জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলেও চার দিন হয়ে গেল ঘাটাল ব্লকের রত্নেশ্বরবাটি এলাকায় এখনও বিদ্যুৎ নেই। এর ফলে এলাকায় পাম্প চালানো যাচ্ছে না, দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। মোবাইলে চার্জ দেওয়া থেকে শুরু করে বিদ্যুতের অভাবে বিঘ্নিত হচ্ছে পড়ুয়াদের পড়াশোনাও। অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে আজ, বৃহস্পতিবার সকালে রত্নেশ্বরবাটির যমুনাপাড়ায় রাস্তার ওপর গাছ ফেলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলায় যান চলাচল ব্যাহত হয়। বিদ্যুৎ সংযোগের পাশাপাশি এই আন্দোলনের মঞ্চ থেকে এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবিও তোলেন গ্রামবাসীরা। গত সন্ধ্যায় একই দাবিতে ঘাটাল-রানিচক রাস্তার কপাটিয়া পোলের সামনেও পথ অবরোধে করেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ দপ্তর জানিয়েছে আজকের মধ্যেইওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।
৪ দিন বিদ্যুৎ নেই: বিদ্যুতের দাবিতে পথ অবরোধ ঘাটালে




