তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল; থানায় গিয়ে পুরুষ পুলিশ আধিকারিকদের কাছে নিজেদের সমস্যার কথা বা অভিযোগ জানাতে অনেক সময় দ্বিধাবোধ করেন মহিলারা। সেই সঙ্কোচ কাটিয়ে মহিলারা যাতে নির্দ্বিধায় পুলিশের দ্বারস্থ হতে পারেন এবং সব কথা খুলে বলতে পারেন, তার জন্য ঘাটাল থানায় খোলা হল ‘উইমেন হেল্প ডেস্ক’ বা মহিলা সহায়তা কেন্দ্র। এই কেন্দ্রটির দায়িত্বে রয়েছেন সাব-ইন্সপেক্টর শেলি অধিকারী। অনেক ক্ষেত্রেই দেখা যায়, নানাবিধ পারিবারিক বা সামাজিক নির্যাতনের শিকার হয়েও মহিলারা থানায় অভিযোগ জানাতে পিছিয়ে আসেন। যার অন্যতম কারণ পুরুষ আধিকারিকের সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরার অস্বস্তি। এই সমস্যার সমাধানেই মহিলা পুলিশ কর্মীদের দিয়ে পরিচালিত হবে এই সহায়তা কেন্দ্রটি। ফলে মহিলারা নির্দ্বিধায় নিজেদের যাবতীয় অভিযোগ জানাতে পারবেন। মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে এই হেল্প ডেস্কটি দিনরাত ২৪ ঘণ্টাই খোলা থাকবে। মহিলারা সরাসরি থানায় এসে অথবা টেলিফোনের মাধ্যমে নিজেদের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট ফোন নম্বরটি হল ৯৪৭৫২৫৬৭৭০। রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার সময় রাজ্যের প্রতিটি থানায় ‘নারী সহায়তা ডেস্ক’ চালু করার আশ্বাস দিয়েছিল। জেলা পুলিশ সূত্রের খবর, এটি সেই উদ্যোগেরই একটি অংশ। আপাতত ঘাটাল থানায় এই পরিষেবা শুরু হলেও, আগামী দিনে মহকুমার প্রতিটি থানাতেই আলাদা করে এই ধরনের সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে। শুধু থানায় বসে অভিযোগ শোনাই নয়, পথেঘাটেও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ করা হচ্ছে। শহরের ব্যস্ত এলাকা এবং জনবহুল স্থানগুলিতে নজরদারি ও টহলদারির জন্য মহিলা পুলিশ কর্মীদের নিয়ে তৈরি করা হচ্ছে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। এর ফলে রাস্তাঘাটে ইভটিজিং বা অন্য কোনও রকম হয়রানির শিকার হলে মহিলারা দ্রুত পুলিশের সাহায্য পাবেন এবং শহরের সামগ্রিক নারী নিরাপত্তাও আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।
মহিলাদের অভিযোগ শুনতে ঘাটালে চালু ‘মহিলা সহায়তা কেন্দ্র’







