নিজস্ব সংবাদদাতা:পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার হরিরামপুর গ্রামে সোমবার সকালে প্রকাশ্যে আসে এক দুঃসাহসিক মন্দির চুরির ঘটনা। হরিরামপুর পশ্চিম পাড়ায় সুজিত দাসের বাড়ির মনসা মন্দিরের তালা ভেঙে দুষ্কৃতীরা দেবদেবীর মূর্তি-সহ একাধিক মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সোমবার সকালে পরিবারের সদস্যরা মন্দিরে পূজা দিতে গিয়ে দেখেন, মন্দিরের তালা ভাঙা। ভিতরে ঢুকতেই চোখে পড়ে শূন্য গর্ভগৃহ। পিতলের মনসা দেবীর মূর্তি, মূর্তির সোনার গহনা, পিতলের নারায়ণের সিংহাসন, প্রায় ১২ কেজি ওজনের কাঁসার ঘণ্টা এবং মন্দিরের অন্যান্য বাসনপত্র—সবই উধাও।গৃহকর্তা সুজিত দাস জানান, চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য এক লক্ষ টাকারও বেশি।ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে মন্দির সংলগ্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজে। সেখানে দেখা যাচ্ছে, রবিবার গভীর রাত প্রায় দেড়টা নাগাদ দুই ব্যক্তি এলাকায় প্রবেশ করে এবং কিছুক্ষণ পর মাথায় দেবদেবীর মূর্তি ও অন্যান্য সামগ্রী নিয়ে বেরিয়ে যাচ্ছে।ইতিমধ্যেই গ্রামের ভিলেজ পুলিশ আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দাসপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন। খবর পেয়ে পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার কাজ দ্রুত এগোচ্ছে। এই দুঃসাহসিক চুরির কিনারা করতে দাসপুর থানার পুলিশ জোরকদমে তদন্ত চালাচ্ছে।
দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও





