সৌমি নাগ দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: কালীপুজোর বিসর্জনের রাতে গণ্ডগোলের হাত থেকে ভাইকে রক্ষা করতে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন প্রিয়া বেরা। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও তাঁর জ্ঞান ফেরেনি। সোনাখালি, ঘাটাল-সহ তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসার পর বর্তমানে তিনি কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের মতে, এখনও সংকটমুক্ত নন প্রিয়া। প্রিয়ার বাড়ি দাসপুর থানার ভূতা গ্রামে। কালীপুজো উপলক্ষে তিনি বাপের বাড়ি চাঁইপাটে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে পুজো কমিটির কয়েক জন সদস্যের সঙ্গে তাঁর ভাইয়ের পূর্ববিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রিয়াও আক্রান্ত হন। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই তিনি কোমায় রয়েছেন বলে জানা গিয়েছে।প্রিয়ার মা বর্ণালী বক্সীর অভিযোগ, এই ঘটনায় চার জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনও কার্যকর পদক্ষেপ করেনি বলে তাঁর দাবি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের তল্লাশি চলছে।
ভাইকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত দিদি







