নিজস্ব সংবাদদাতা:নাবালিকাকে ঘুরতে যাওয়ার নাম করে বাইকে চাপিয়ে নিয়ে গিয়ে তার সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘাটাল থানার আলুই গ্রামের ঘটনায় পুলিশ দেবু দলুই (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। তাঁর বাড়ি ওই গ্রামেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে আলুই হাইস্কুলের নবম শ্রেণির ওই ছাত্রী রেশন সামগ্রী আনতে বাড়ির কাছের একটি দোকানে গিয়েছিল। অভিযোগ, সেই সময় দেবু তাকে ঘুরতে যাওয়ার কথা বলে বাইকে চাপিয়ে নিয়ে যায়। পরে ডিঙাল হয়ে ক্ষীরপাইয়ের বড়মা কালীমন্দিরে যাওয়ার পর রাতে তারা গ্রামে ফিরে আসে। অভিযোগ, গ্রামের কাছে একটি পোলট্রি ফার্মের ফাঁকা জায়গায় ওই কিশোরীর সঙ্গে আপত্তিকর ঘটনা ঘটে। পরে রাতে তাকে বাড়ির কাছে পৌঁছে দিয়ে যায় যুবকটি। এদিকে সন্ধ্যার পর থেকে মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাতে বাড়ি ফেরার পর প্রথমে সে বিষয়টি কাউকে জানায়নি। পরদিন সকালে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায় কিশোরী। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ নাবালিকা ও অভিযুক্ত যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে যুবককে গ্রেফতার করা হয়। ঘটনার বিস্তারিত জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ঘুরতে যাওয়ার নাম করে প্রতিবেশী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার যুবক






