নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: লোনের টাকা আদায় করতে এসে চক্ষু চড়কগাছ! শ্বশুর-শাশুড়ি বনাম বউমার ধুন্ধুমার, ভাইরাল ভিডিও। গ্রুপ লোনের টাকা আদায় করতে গিয়েছিলেন এজেন্ট। কিন্তু টাকা আদায়ের বদলে যে দৃশ্যের মুখোমুখি হতে হল, তা দেখে রীতিমতো থ হয়ে গেলেন তিনি! লোন নেওয়া নিয়ে শুরু হয়েছিল কথাকাটাকাটি। আর সেই কথা কাটাকাটিই মুহূর্তে গড়াল হাতাহাতি, তারপর রীতিমতো ধুন্ধুমার কাণ্ডে। একদিকে শ্বশুর-শাশুড়ি, অন্যদিকে বউমা। দুই পক্ষের মারপিটের সেই দৃশ্য আবার ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যার দিকে দাসপুর থানার পাকুড়দানা গ্রামের হাজরা পরিবারের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের বউমা একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছিলেন। সেই লোনের টাকা আদায়ের জন্য মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে পৌঁছন এক রিকভারি এজেন্ট।
অভিযোগ, বিষয়টি জানতে পেরে পরিবারের শ্বশুর জানতে চান, কেন পরিবারকে না জানিয়েই বউমা লোন নিয়েছেন। এই নিয়েই প্রথমে শুরু হয় কথাকাটাকাটি। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পরিবারের সদস্যরা কার্যত দু’ভাগে ভাগ হয়ে যান। একদিকে শ্বশুর ও শাশুড়ি, অন্যদিকে বউমা একা।
কথার লড়াই শেষ পর্যন্ত গড়ায় হাতাহাতিতে। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলে তুমুল মারপিট। ঘটনায় শ্বশুর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আর চোখের সামনে এমন কাণ্ড দেখে কার্যত হতবাক হয়ে যান লোন আদায় করতে আসা রিকভারি এজেন্ট।
এর মধ্যেই কেউ গোটা ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি করেন। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পরিবারের সদস্যদের মধ্যে তুমুল বচসা এবং মারপিট চলছে। ঘটনার কথা পুলিশের নজরেও এসেছে। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় মারপিটের ভিডিও নজরে এসেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।
শ্বশুর-বউমার ‘মল্ল যুদ্ধ’ নেট দুনিয়ায় ভাইরাল







