এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

শঙ্খধ্বনি, কাঁসর, ঘণ্টা বাজিয়ে মন্দির চুরির প্রতিবাদ, রাস্তা অবরোধ মারিচ্যায়

Published on: August 13, 2026 । 3:50 PM

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল:  মঙ্গলবার রাতে একের পর এক মন্দিরে চুরির ঘটনায় উত্তাল হয়ে উঠল ঘাটাল ব্লকের মারিচ্যা গ্রাম। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শঙ্খধ্বনি, কাঁসর ও ঘণ্টা বাজিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা। দোষীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে রাস্তার উপর বসে পড়েন এলাকার মহিলারা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মারিচ্যা গ্রামের পাঁচটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ঘাটাল থানার পুলিশ। একের পর এক মন্দিরে রাতের অন্ধকারে চুরির ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার ঘাটালের বড়দা চৌকান থেকে খড়ার যাওয়ার রাজ্য সড়কের উপর বসে পড়ে প্রতিবাদ জানান স্থানীয় মহিলারা। দাবি ওঠে, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। দীর্ঘক্ষণ অবরোধের জেরে রাস্তার দুই দিকে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। মারিচ্যা গ্রামের বাসিন্দা কৃষ্ণ দাস বাঙাল জানান, এলাকায় একাধিক মন্দিরে চুরির ঘটনায় গ্রামবাসীরা আতঙ্কিত। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান তিনি। প্রতিবাদী মহিলা টুম্পা বাঙাল জানান, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও জোরদার করা হবে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।