ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার তিলন্দ গ্রামের বাসিন্দা সুকন্যা প্রামাণিকের(১৬) মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বিদ্যালয় ও এলাকায়। সুকন্যা দশম শ্রেণিতে পড়ে। ৬ সেপ্টেম্বর বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সুকন্যা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে গৌরার একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। দীর্ঘ ১৫ দিন কলকাতায় চিকিৎসাধীন থাকার পর গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে সুকন্যা। মৃতার বাবার নাম অমল প্রামাণিক।
সুকন্যা নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী হিসেবে প রিচিত ছিল। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাইভেট টিউটরদের কথায়, পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল সে। তবে কী কারণে সুকন্যা এমন চরম সিদ্ধান্ত নিয়েছিল, তা নিয়ে তাঁরা সকলেই হতবাক। সুকন্যার অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক।
১৫ দিনের লড়াই শেষ, মৃত্যু দশম শ্রেণির মেধাবী ছাত্রী সুকন্যার
Published on: September 22, 2026 । 1:48 PM







