এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে তৈরি হচ্ছে মহিলা থানা, খুশি মহকুমাবাসী

Published on: November 20, 2026 । 7:18 AM
• কেয়া মণ্ডল চৌধুরী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: নারী সুরক্ষায় আরও এক ধাপ এগোতে চলেছে ঘাটাল মহকুমা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথা রাজ্য প্রশাসনের নির্দেশে ঘাটাল শহরে নতুন মহিলা থানা তৈরির সিদ্ধান্তে স্বস্তির হাওয়া এলাকার মহিলাদের মধ্যে। কারণ, সমাজে এখনও বহু মহিলা পারিবারিক হিংসা ও শারীরিক নির্যাতনের শিকার হয়েও পুরুষ পুলিশ আধিকারিকদের কাছে গিয়ে অভিযোগ জানাতে দ্বিধা বোধ করেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, দ্বিধার কারণে অপরাধের আসল ঘটনা প্রকাশ্যে আসে না। তাই সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি থানা তৈরি হলে নির্যাতিত মহিলারা  নিজেদের সমস্যার কথা আরও সহজে জানাতে পারবেন বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।
ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন, দীর্ঘ কয়েক বছরের ধরে পড়ে থাকা মহিলা থানা তৈরির প্রস্তাবে সম্প্রতি সিলমোহর দিয়েছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর। রাজ্যে নতুন করে ২৯টি মহিলা থানা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তিও জারি হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ঘাটালে নতুন থানাটি তৈরি হতে চলেছে।
বর্তমানে  জেলার ,দুটি মহকুমা মেদিনীপুর ও খড়গপুরে মহিলা থানা চালু হয়েছে। ঘাটালে নতুন থানাটি চালু হলে জেলার তিনটি মহকুমায় এই বিশেষ পরিষেবার আওতায় আসবে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারী সুরক্ষায় জোর দিতে প্রতিটি মহকুমায় অন্তত একটি করে মহিলা থানা তৈরির প্রস্তাব বেশ কয়েক বছর ধরেই দেওয়া হচ্ছিল। অবশেষে সেই প্রস্তাব বাস্তবায়নের পথে।ঘাটাল আদালতের আইনজীবী মৌমিতা সামন্ত বলেন, অনেক সময় পুরুষ পুলিশ আধিকারিকদের কাছে মহিলারা নিজেদের ওপর হওয়া নির্যাতনের কথা খোলাখুলি বলতে পারেন না।
ঘাটাল মহকুমার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার একটি বড় অংশই নারী সংক্রান্ত। বধূ নির্যাতন, শ্লীলতাহানি কিংবা নাবালিকা অপহরণের মতো স্পর্শকাতর মামলায় অভিযোগ গ্রহণ থেকে তদন্ত,পুরো প্রক্রিয়ায় মহিলা পুলিশকর্মীরা দায়িত্বে থাকলে অভিযোগকারিণীদের পক্ষে নিজেদের কথা বলা অনেক সহজ হবে। ঘাটাল শহরের বাসিন্দা শিক্ষিকা দেবযানি পাত্রও একই কথা বলেন, যে মহিলা আধিকারিকের কাছে মহিলা অভিযোগকারিনী অনেক সাবলীল হতে পারবে।
প্রসঙ্গত, ২০১২ সালে আসানসোলের গান্ধী মোড়ের কাছে রাজ্যে প্রথম মহিলা থানা চালু হয়েছিল।  জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যে ধাপে ধাপে গড়ে ওঠা এমন ৪০টি থানা রয়েছে। নতুন ২৯টি থানা দ্রুত কার্যকর হলে নারী সুরক্ষার পরিকাঠামো আরও বিস্তৃত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
নিয়ম অনুযায়ী, একটি মহিলা থানায় একজন ইনস্পেক্টর, ছয় থেকে সাত জন সাব-ইনস্পেক্টর, সাত থেকে আট জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর এবং ১৮ থেকে ২০ জন কনস্টেবল থাকার কথা। যদিও বর্তমানে চালু থাকা থানাগুলির অনেক ক্ষেত্রেই সঠিক পরিকাঠামোর অভাব রয়েছে। পুলিশের তরফে পরিকাঠামো উন্নয়নের চেষ্টা চলছে বলে দাবি করা হলেও, বাস্তবে সেই ঘাটতি কতটা মিটছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে ঘাটালের নতুন থানাটি কবে পূর্ণাঙ্গ রূপ পাবে এবং পর্যাপ্ত মহিলা পুলিশকর্মী নিয়ে কবে থেকে পরিষেবা শুরু হবে, এখন সেদিকেই তাকিয়ে মহকুমার বাসিন্দারা। শীতলবাবুর কথায়, থানাটি সম্পূর্ণ ভাবে চালু হলে ঘাটালের  মহিলাদের আইনি সুরক্ষা পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।