• কেয়া মণ্ডল চৌধুরী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: শিক্ষকের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছে, বাড়িতে এমনটাই জানিয়ে বেরিয়েছিল নবম শ্রেণির চার পড়ুয়া। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাড়ি ফেরেনি তারা। সন্তানদের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় পড়েন পরিবারের লোকজন। পরে জানা যায়, শিক্ষকের জন্মদিনের অনুষ্ঠানে নয়, দীপাবলির বাজি সস্তায় কিনতে হাওড়া পেরিয়ে চম্পাহাটি গিয়েছিল চার বন্ধু। ৬ নভেম্বর দাসপুর থানার আদমপুর গ্রামের এই ঘটনা সামনে আসতেই নতুন করে প্রশ্ন উঠেছে, বাড়িতে মিথ্যা বলে কিংবা কাউকে কিছু না জানিয়ে দূরে চলে যাওয়ার প্রবণতা কেন বাড়ছে স্কুলপড়ুয়াদের মধ্যে?
এর আগেও ৩০ অক্টোবর ঘাটাল থানার দশম শ্রেণির তিন পড়ুয়া বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিল। বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের এক ছাত্র এবং খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের এক ছাত্র, দুজনে মিলে পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিল। পরে জানা যায়, তাদের মধ্যে একজনের ডায়েরিতে মুম্বই যাওয়ার কথা লেখা ছিল। অন্য এক পড়ুয়া পড়াশোনা নিয়ে মায়ের বকাবকিতে অভিমান করে বাড়ি ছেড়েছিল। যদিও শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে প্রত্যেকেই বাড়ি ফিরে আসে।
পরপর এমন ঘটনা ভাবাচ্ছে অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকাদের। কেন এমন করছে ছেলেমেয়েরা? যে বয়সে পড়াশোনা, খেলাধুলা আর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই কেন বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে তারা? পড়াশোনাকে কি তাহলে বোঝা মনে হচ্ছে? যে ছেলেরা পড়াশোনায় ভালো, তাদের মধ্যেও কেন অন্যভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার ভাবনা আসছে? নাকি তাদের মনের কথা বোঝার মতো মানুষই কমে যাচ্ছে?
খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের টিআইসি স্বরূপ বেরা বলেন, এখন অভিভাবকদের ছেলেমেয়েদের নিয়ে অনেক প্রত্যাশা। প্রত্যেকেই চান সন্তান জীবনে প্রতিষ্ঠিত হোক। কিন্তু সন্তান আসলে কী চায়, তার মনের খবর কতজন রাখেন? এই দূরত্ব থেকেই অনেক সময় অল্প বয়সে মানসিক অবসাদ তৈরি হচ্ছে। কাছের মানুষদের প্রতিও ভরসা হারাচ্ছে পড়ুয়ারা। শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যেও দূরত্ব বাড়ছে। এখন অনেকেই পড়াশোনাকে শুধু রোজগারের মাধ্যম হিসেবে দেখছে, শেখার গুরুত্বটা দিন দিন হারিয়ে যাচ্ছে
এদিকে, বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক পলাশ সিংহরায়, বর্তমান তিন সহকারী শিক্ষক সুদীপ মণ্ডল, দেবব্রত রায় এবং কৃষ্ণেন্দু শীটের মনেও এই ঘটনাগুলি দাগ কেটেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁরা আবেদন জানিয়েছেন, তাঁদের তরফে কোনও ভুল বা গাফিলতি থাকলে তা শুধরে নিতে চান। পড়ুয়ারা যাতে আরও ভালোভাবে পড়াশোনা করতে পারে, সেই দিকেও তাঁরা নজর দেবেন বলে জানিয়েছেন।
বিখ্যাত মনোবিদ এরিক এরিকসন তাঁর ‘আইডেন্টিটি: ইয়ুথ অ্যান্ড ক্রাইসিস’ বইতে বয়ঃসন্ধিকালের মানসিক টানাপোড়েনকে আত্মপরিচয়ের সংকট বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, এই বয়সে কিশোর-কিশোরীরা নিজেদের নতুন পরিচয় খুঁজতে চায়। এই সময় পরিবারের অতিরিক্ত প্রত্যাশা বা মানসিক চাপের মুখে পড়লে তারা তীব্রভাবে বিভ্রান্ত হয়ে পড়ে। নিজেদের স্বাধীন সত্তা প্রমাণের তাগিদ বা মানসিক অবদমনের ফলে তারা অনেক সময়ই বাস্তব জগত থেকে পালাতে চায়, যার ফলে বাড়ি ছেড়ে দূরে চলে যাওয়ার মতো চরম হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে।
কলকাতার এক বেসরকারি হাসপাতালের প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ শুভদীপ রায়ের বিশ্লেষণ অনুযায়ী, বয়ঃসন্ধিকালে আবেগ ও হঠকারিতা চরম পর্যায়ে থাকে। অভিভাবকের অতিরিক্ত চাপ বা শাসন কিশোর মনে একপ্রকার নিঃশব্দ বিদ্রোহের জন্ম দেয়। তখন তারা বাড়ির সুরক্ষিত পরিবেশ থেকে বেরিয়ে বাইরের জগতে সাময়িক মুক্তি খোঁজে। এর থেকে রেহাই পেতে বাবা-মা ও শিক্ষকদের উচিত তাদের প্রতি বন্ধুসুলভ আচরণ করা। তাদের মনের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের নিজস্ব পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি।
তবে একটা প্রশ্ন থেকেই যায়, দায় কার? অভিভাবকদের? শিক্ষক-শিক্ষিকাদের? নাকি আমাদের শিক্ষা ব্যবস্থার? স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার প্রভাবও কি এর পিছনে রয়েছে? নাকি ছেলেমেয়েদের মনের মধ্যে এমন অনেক কথা জমে থাকছে, যা তারা বাড়ির লোককেও বলতে পারছে না?
সন্তান ভালো পড়াশোনা করুক, জীবনে প্রতিষ্ঠিত হোক,এটা প্রত্যেক বাবা-মায়েরই প্রত্যাশা থাকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে গিয়ে সন্তান কী চাইছে, কোথাও কষ্ট পাচ্ছে কি না, সেটাও তো দেখা দরকার। শুধু শাসন করলেই হবে না, তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে। এমন একটা সম্পর্ক তৈরি করতে হবে, যাতে কোনও সমস্যায় পড়লে তারা বাড়ির লোককে সব কথা খুলে বলতে পারে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, তা জানার পাশাপাশি তার মনের খবর রাখাটাও অভিভাবকদের খুব জরুরি। কারণ আমরা অনেক সময় সন্তানের কাছে শুধু প্রত্যাশাই রাখি, কিন্তু তার মনের ভিতরে কী চলছে, সেই খবরটুকুও কি রাখি?