কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: বৃহস্পতিবার সকালেই ঘাটাল শহরের ঐতিহ্যবাহী ভাসাপুলের একাংশ ভেঙে ভেসে চলে যায়। ফলে ভাসাপুলের উপর দিয়ে আর যাতায়াত করা যাচ্ছে না। প্রতিদিন বহু মানুষ ওই ভাসাপুল দিয়ে যাতায়াত করেন। ফলে তাঁদের ভোগান্তি বেড়েছে। তাঁদের ঘাটালের কংক্রিটের ব্রিজের উপর দিয়ে অনেকটা ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা বলেন, ‘আমরা চেষ্টা করছি আগামীকাল, শুক্রবারের মধ্যেই ভাসাপুলটি ঠিক করে দেওয়ার।’ স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার ২০ আগস্ট সকাল সাড়ে নটা নাগাদ জলের স্রোতের সঙ্গে একটি বাঁশের সাঁকো ওই ভাসাপুলের কাছে আটকে যায়। বাঁশের সাঁকোটির সঙ্গে বেশ কিছু পানাও ছিল। নদীতে তখন প্রচণ্ড স্রোত ছিল। সেই স্রোতে বাঁশের ভাঙা সাঁকো-সহ পানার চাপ কাঠের পাটাতনের উপর থাকা ভাসাপুলটি নিতে পারেনি। ফলে মাঝের বেশ কয়েকটি পাটাতন এবং দুটি নৌকাকে ঠেলে নিয়ে চলে যায় স্রোত। প্রায় তিন কিলোমিটার দূরে সেগুলিকে আটকানো হয়েছে।সেগুলিকে দুধের বাঁধ এলাকা থেকে জলপথে টেনে আনার জন্য প্রয়োজন মোটরচালিত নৌকা এবং পর্যাপ্ত ম্যানপাওয়ার। কিন্তু এই মুহূর্তে কোনওটাই পাওয়া যাচ্ছে না। তাই কবে ভাসাপুলটি ঠিক হবে, তা বলা মুশকিল।
ভাসাপুল মেরামতি নিয়ে অনিশ্চয়তা







