এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

Published on: August 3, 2026 । 9:55 PM

নিজস্ব সংবাদদাত, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বাজারদর অনুযায়ী নির্ধারিত সর্বাধিক মূল্যের (এমআরপি) চেয়ে বেশি খরচে সার কিনতে হচ্ছে বলে চাষিদের কাছে তা কম দামে বিক্রি করতে তাঁরা আর রাজি নন, সোমবার এমনটাই স্পষ্ট করে দিলেন ঘাটাল ব্লকের সার ব্যবসায়ীরা। এদিন ব্লকের সহকারী কৃষি অধিকর্তার (এডিএ) কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে নিজেদের এই অবস্থানের কথা জানান তাঁরা। প্রায় শতাধিক ব্যবসায়ী এদিন এডিএ-র সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি তুলে ধরেন। তবে কৃষি দপ্তরের তরফে সরাসরি কোনও মন্তব্য পাওয়া যায়নি এখনও। দপ্তর সূত্রে শুধু জানানো হয়েছে, ব্যবসায়ীদের বক্তব্য ঊর্ধ্বতন স্তরে পৌঁছে দেওয়া হবে।
সকাল থেকেই ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত কৃষি দপ্তরের কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন ব্যবসায়ীরা। সংগঠনের তরফে অনিমেষ দাস, সুকুমার মাজি, উত্তম সামুই প্রমুখ জানান, মূল সমস্যা তৈরি হচ্ছে ইউরিয়া ও ডিএপি সার নিয়ে। এই দুটি সার তাঁদের কিনতে হচ্ছে বস্তা প্রতি এমআরপি-র চেয়ে ঢের বেশি দামে। উদাহরণ দিতে গিয়ে সুকুমারবাবু বলেন, ২৬৬ টাকা দরে ইউরিয়া কেনার সুযোগ কখনও তাঁদের হয়নি। বরং পাইকারদের থেকে প্রতি বস্তা ৩২০-৩২৫ টাকায় কিনতে হয়, যার সঙ্গে যোগ হয় পরিবহণ বাবদ বাড়তি খরচও। ব্যবসা টিকিয়ে রাখতে হলে বস্তা পিছু ৫০-৬০ টাকা লোকসান মেনে নেওয়া কোনওভাবেই সম্ভব নয় বলে তিনি জানান।এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবি, মহকুমা শাসক, মহকুমা কৃষি অধিকর্তা, পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে একটি যৌথ বৈঠক ডাকা হোক। তাঁদের মতে, এমন বৈঠক হলেই বেশি দামে সার কেনার আসল কারণ সামনে আসবে। সরবরাহ ব্যবস্থার উঁচু স্তরে গিয়ে প্রশাসন অনুসন্ধান চালালে দাম বৃদ্ধির উৎস চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলেও তাঁদের বিশ্বাস।ব্যবসায়ীদের আরও অভিযোগ, প্রকৃত সমস্যার উৎস অনুসন্ধান না করে প্রশাসন কেবল খুচরো সার বিক্রেতাদের বিরুদ্ধেই ভিত্তিহীন নানা অভিযোগ তুলে তাঁদের সামাজিকভাবে অপদস্থ করার চেষ্টা চালাচ্ছে। এই অন্যায়ের প্রতিকার চান তাঁরা প্রশাসনের কাছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।