মৌমিতা দাঁ, স্থানীয় সংবাদ, ঘাটাল: ভোটের ব্যস্ততার মাঝেই এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল দাসপুর। বৃহস্পতিবার দুপুরে স্নান করতে নেমে পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক কিশোর শ্রমিকের। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার শয়লা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম সোয়েল শেখ (১৫)। তার আদি বাড়ি মুর্শিদাবাদ জেলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোয়েল পেশায় রাজমিস্ত্রি ছিল। সে তার পরিচিতদের সঙ্গে শয়লা গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত এবং সেখানেই কাজ করত। এদিন দুপুরে কাজ সেরে গ্রামের একটি পুকুরে স্নান করতে নামে সে। দীর্ঘক্ষণ পরও সে বাসায় ফিরে না আসায় সঙ্গীদের সন্দেহ হয়। এরপর স্থানীয় বাসিন্দারা পুকুরের জলে তল্লাশি চালিয়ে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। তড়িঘড়ি তাকে সোনাখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সোয়েলকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, কিশোরটি সম্ভবত সাঁতার জানত না। আর সেই কারণেই পুকুরের গভীর জলে তলিয়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নির্বাচনের দিনে এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজ ডেস্ক
‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।





