নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ২৫ ফেব্রুয়ারি বুধবার ঘাটাল রানিচক পরিবহন যাত্রী কমিটির পক্ষ থেকে ঘাটাল থেকে রানিচক রাস্তা ও তার পার্শ্ববর্তী শ্রীপুর থেকে শ্যমসুন্দরপুর, মনোহরপুর থেকে প্রতাপপুর বেহাল রাস্তাগুলি সংস্কারের দাবিতে ঘাটালের বিডিওর নিকট ডেপুটেশন দেওয়া হয়। রাস্তাগুলি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। প্রায় প্রতিদিনই পথ দুর্ঘটনার শিকার হচ্ছে নিত্যযাত্রীরা।
ঘাটাল রানীচক পরিবহন যাত্রী কমিটির যুগ্ম সম্পাদক জগদীশ মণ্ডল অধিকারী ও তাপস কুমার মিশ্র বলেন, “রাস্তাগুলি পূর্ণাঙ্গ সারাইয়ের দাবিতে বারবার বিভিন্ন মহল থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এ ব্যাপারে প্রশাসনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই আজ আমরা বিডিওকে জানিয়েছি আগামী এক মাসের মধ্যে যদি রাস্তাগুলি সারানোর কোন উদ্যোগ না নেওয়া হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব”। এছাড়াও ঘাটাল কলেজ মোড়ের সামনে যাত্রী প্রতীক্ষালয় ও শৌচালয় নির্মাণের দাবি সহ রাস্তার দু’ধারে ইমারতি দ্রব্য ফেলে রেখে রাস্তা অবরুদ্ধ করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন দেওয়া হয়।




