মৌমিতা দাঁ, স্থানীয় সংবাদ: স্কুটিতে করে বিপুল পরিমাণ অবৈধ মদ পাচার করার সময় পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। রবিবার রাতে ঘাটাল-রানিচক রাস্তার ঘাটাল ফাঁড়ি সংলগ্ন এলাকায় তাকে হাতেনাতে ধরে পুলিশ। ধৃতের নাম অমিত দত্ত। তার বাড়ি ঘাটাল থানার মনোহরপুরে। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে ৩৩ লিটার দেশি এবং ২৬ লিটার বিলিতি মদ উদ্ধার করা হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে অবৈধ এই কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে শনিবার রাতেও শহরজুড়ে অভিযান চালিয়েছিল ঘাটাল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওইদিন শহরের নিশ্চিন্দিপুর এলাকায় একটি চায়ের দোকানে আচমকা হানা দেওয়া হয়। সেখান থেকে ১৮ বোতল বিলিতি এবং তিন বোতল দেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। বেআইনিভাবে মদ মজুত ও বিক্রির অভিযোগে আবির দলুই নামে ওই চা বিক্রেতাকে পুলিশ গ্রেপ্তার করে রবিবার আদালতে পেশ করে। দীর্ঘদিন ধরেই ওই চায়ের দোকানের আড়ালে রমরমিয়ে মদের কারবার চলছিল বলে স্থানীয়দের অভিযোগ ছিল। এলাকায় মদের কারবার চলায় নানা অসামাজিক কাজকর্মের আশঙ্কা করছিলেন স্থানীয় বাসিন্দারা। তাই পুলিশের এই আকস্মিক ও সফল অভিযানে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ। জোড়া সাফল্যের পর পুলিশের পক্ষ থেকে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, বেআইনি মদের কারবার রুখতে গোটা থানা এলাকা জুড়েই আগামী দিনে এই ধরনের তল্লাশি অভিযান লাগাতার চলবে।
স্কুটিতে পাচারের সময় বিপুল বেআইনি মদ সহ গ্রেপ্তার যুবক, ঘাটালে পর পর দু’দিনের অভিযানে গ্রেপ্তার দুই



