নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: হাসপাতালে চিকিৎসায় চূড়ান্ত গাফিলতির অভিযোগে এক থ্যালাসেমিয়া রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। মৃতার নাম মোনালিসা ঘটক (২৬)। তাঁর বাড়ি চন্দ্রকোণা থানার বালাতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মোনালিসা দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি এবং চরম অব্যবস্থার অভিযোগ তুলেছেন মৃতার কাকা তাপস ঘটক। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। তিনি ক্ষুব্ধ পরিজনদের সঙ্গে কথা বলেন এবং গোটা পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে জানান যে, তিনি সমস্ত বিষয়টির খোঁজ নিচ্ছেন। মৃতার কাকার অভিযোগ, ওইদিন রাতে মোনালিসার শারীরিক অবস্থার চরম অবনতি হয়। চিকিৎসক তাঁকে দ্রুত এইচডিইউ-তে স্থানান্তর করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অভিযোগ, হাসপাতালের কোনও স্বাস্থ্যকর্মী বা নার্স রোগীকে সেখানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র সহযোগিতা করেননি। বিনা চিকিৎসায় ঘণ্টার পর ঘণ্টা ওই অবস্থাতেই পড়ে ছিলেন ওই তরুণী। শেষে বাধ্য হয়ে রোগীর পরিজনরাই একটি স্ট্রেচারে করে তাঁকে এইচডিইউ-তে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই মর্মান্তিক মৃত্যু হয় মোনালিসার। কাকা তাপস ঘটকের আক্ষেপ, সঠিক সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তৎপরতা থাকলে হয়তো এই পরিণতি দেখতে হতো না। এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। হাসপাতাল চত্বরে স্বাস্থ্যকর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে, বিধায়ক শীতল কপাট হাসপাতালের সার্বিক পরিকাঠামো ও অব্যবস্থার তীব্র সমালোচনা করেন। তিনি জানান, চিকিৎসা ব্যবস্থায় চরম অবহেলা চলছে। পর্যাপ্ত অভিজ্ঞ নার্স বা চিকিৎসক ছাড়াই রোগীদের পরিষেবা দেওয়ার চেষ্টা হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনের পক্ষে চরম ঝুঁকিপূর্ণ। অবিলম্বে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসার অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ








