কেয়া মণ্ডল চৌধুরী, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: সদ্য প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করলেন চন্দ্রকোণা শহরের বাসিন্দা অর্হ ভট্টাচার্য। ওই রেজাল্ট করে তিনি শুধু নিজের পরিবারের নয়, সমগ্র ঘাটাল মহকুমাবাসীর মুখ উজ্জ্বল করেছেন। ছেলের এই অসামান্য কীর্তিতে বাবা-মায়ের চোখে আজ বাঁধভাঙা আনন্দাশ্রু।
চন্দ্রকোণা শহরের বিডিও অফিস সংলগ্ন ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্হ ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এবং শান্তশিষ্ট স্বভাবের। তাঁর রক্তেই যেন মিশে রয়েছে শিক্ষার আলো। বাবা অশোক ভট্টাচার্য জাড়া হাইস্কুলের অঙ্কের শিক্ষক। অন্যদিকে মা অঞ্জনা রায় ভট্টাচার্য ঠাকুরবাড়ি অতসী প্রাইমারি স্কুলের শিক্ষিকা। শিক্ষক দম্পতির সন্তান হিসেবে ছোটবেলা থেকেই পড়াশোনার এক আদর্শ এবং সুশৃঙ্খল পরিবেশ পেয়েছেন তিনি। অঙ্কের প্রতি গভীর ভালোবাসা আর যুক্তি দিয়ে ভাবার ক্ষমতা তিনি হয়তো বাবার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। অর্হর ছোট বোন অদ্রিজা ভট্টাচার্য স্থানীয় কল্যাণশ্রী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। দাদার এই আকাশছোঁয়া সাফল্যে আজ তার চোখেমুখেও সীমাহীন উচ্ছ্বাস।
তবে অর্হর এই সাফল্য কোনও আকস্মিক ঘটনা নয়, বরং এক দীর্ঘ নিরলস সাধনা ও তপস্যার ফল। মাধ্যমিক পরীক্ষায় ৬৫০ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৬৮ নম্বর পেয়ে তিনি নিজের অসাধারণ মেধার প্রমাণ আগেই দিয়েছিলেন। কিন্তু তার লক্ষ্য ছিল আরও অনেক বড়। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নজরকাড়া ফলের পাশাপাশি দেশের প্রথম সারির সমস্ত প্রবেশিকা পরীক্ষাতেই তিনি নিজের প্রতিভার দাপট দেখিয়েছেন। আইআইটি প্রবেশিকায় তিন ৩১৩২ র্যা ঙ্ক করেছেন। এখানেই শেষ নয়, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা আইএসআই-তে ৫৪র্যা ঙ্ক এবং চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট বা সিএমআই-তে সম্পূর্ণ স্কলারশিপ-সহ চোখধাঁধানো র্যা ঙ্ক অর্জন করেছে চন্দ্রকোণার এই কৃতী সন্তান।
ভবিষ্যতে কোন পথে এগোবে অর্হ, তা নিয়ে এখন পরিবারে চলছে মধুর জল্পনা। বাবা অশোকবাবু অত্যন্ত আবেগঘন কণ্ঠে জানিয়েছেন, ছেলের বহুদিনের স্বপ্ন আইআইটি-তে পড়ার। অঙ্ক, কম্পিউটিং বা এই জাতীয় কোনও বিষয় নিয়েই উচ্চশিক্ষার বৃহত্তর জগতে পা বাড়াতে চান তিনি। যদিও দেশের এতগুলো সেরা প্রতিষ্ঠানে একযোগে পড়ার সুযোগ পাওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা সময় নিচ্ছে পরিবার। তবে তিনি যেখানেই পড়ুক না কেন, অর্হর আগামী দিনের পথচলা যে আরও অনেক বড় সাফল্যের মাইলফলক স্পর্শ করবেন, তা নিয়ে চন্দ্রকোণাবাসীর মনে বিন্দুমাত্র সন্দেহ নেই।

জয়েন্টে ষষ্ঠ চন্দ্রকোণার অর্হ






