শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: শুক্রবার খুকুড়দহ ব্রিজের হাইট বারে ধাক্কায় গুরুতর আহত অভিজিৎ মাইতি (প্রায় ৪৫) মারা গেলেন। শুক্রবার রাত ৯টা নাগাদ তমলুক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সময়মতো চিকিৎসা হলে হয়তো তাঁকে বাঁচানো সম্ভব হত। তমলুক হাসপাতালে নিয়ে যেতে যেতে রাত পৌনে ৯টা বেজে যায়।
অভিজিৎ মাইতির বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার মোহাম্মদপুর গ্রামে। প্রায় ২০ বছর ধরে তিনি ওই বাসে কাজ করছিলেন। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন তিনি। বাড়িতে তাঁর স্ত্রী শম্পা মাইতি ছেলে অর্পণ মাইতি রয়েছে। ছেলে একাদশ শ্রেণির ভোকেশনাল বিভাগের ছাত্র। অভিজিৎবাবুর পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। বাড়িতে জল থেকে শুরু করে সমস্ত কিছুই কিনে খেতে হয়। তাঁর মৃত্যুতে পরিবারটি চরম সমস্যায় পড়বে।
মানুষ হিসেবে অভিজিৎবাবু খুবই ভালো ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। যেকোনও মানুষের বিপদ-আপদে তিনি সবসময় ছুটে যেতেন। তাঁর অকাল মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সবার কাছেই তিনি ছিলেন অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত।
খুকুড়দহের হাইট বার: মৃত্যু হল সেই বাস কর্মীর







