কেয়া মন্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল:পুজো এলেই আনন্দের পাশাপাশি ঘাটাল মহকুমার বাসিন্দাদের মনে একটা আতঙ্ক কাজ করে। আর সেই আতঙ্কের অন্যতম কারণ বেপরোয়া বাইক চালানো। পুজোর কয়েকটা দিন রাস্তায় বাইক নিয়ে দাপাদাপি, অতিরিক্ত গতিতে ছুটে চলা এবং ট্রাফিক নিয়ম না মানার ঘটনা নতুন নয়। বিগত কয়েক বছর ধরেই পুজোর সময় বাইকের দৌরাত্ম্য ও দুর্ঘটনার সাক্ষী থেকেছেন মহকুমার মানুষ। বেপরোয়া বাইকের কারণে অনেকেই রাস্তায় বেরোতে ভয় পান। ফলে পুজোর আনন্দের মধ্যেও দুর্ঘটনার আশঙ্কা পিছু ছাড়ে না।
তবে এবার বাইকের দৌরাত্ম্য রুখতে কড়া অবস্থান নিচ্ছে ঘাটাল মহকুমা পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুজোর সময় বাইক নিয়ে বেপরোয়া দাপাদাপি করলে যেমন ব্যবস্থা নেওয়া হবে, তেমনই রাস্তায় কোনও মেয়েকে বিরক্ত করলেও অভিযুক্তদের ছেড়ে দেওয়া হবে না।
মহকুমা পুলিশের এই কড়া অবস্থানে খুশি সাধারণ মানুষ। তাঁদের আশা, পুলিশের সক্রিয় নজরদারি থাকলে পুজোর দিনগুলিতে বাইকের দৌরাত্ম্য অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। একদিকে কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক সিগন্যাল চালু হওয়ায় যান চলাচল নিয়ন্ত্রণে কিছুটা স্বস্তি পেয়েছেন বাসিন্দারা। তার উপর বাইক নিয়ে বেপরোয়া দাপাদাপি এবং মহিলাদের উত্যক্ত করার বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান মহকুমাবাসীকে আরও কিছুটা স্বস্তি দিচ্ছে।
পুজো মানে আনন্দ, উৎসব আর নিশ্চিন্তে পরিবারের সঙ্গে সময় কাটানো। সেই আনন্দ যেন কোনো কারণে মাটি না হয়, এখন সেটাই চাইছেন সাধারণ মানুষ
পুজোয় বাইক নিয়ে দাপাদাপি করলেই কড়া ব্যবস্থা, মেয়েদের বিরক্ত করলেও ছাড় নয়







