• কেশব মেট্যা, কবি ও প্রাবন্ধিক:ঘাটাল মহকুমার সাহিত্য-সংস্কৃতি চর্চায় অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব উমাশংকর নিয়োগী। তাঁর জন্ম ১৯৪৯ সালের ১৭ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বাসুদেবপুর গ্রামে। পিতা সুধাংশু নিয়োগী এবং মাতা ষোড়শীদেবী। এঁদের আদি বসবাস ছিল হাওড়া জেলার উদয়নারায়ণপুরের পেঁড়ো বসন্তপুর গ্রামে। কুলজিনামা থেকে জানা যায় এঁদের পূর্বপুরুষদের পদবি ছিল মুখোপাধ্যায় (মুখার্জী)। এই অঞ্চলের পূজার্চনার জন্য এঁদের বর্ধমানরাজ নিয়োগ করেন। সেই থেকে পদবি হয় নিয়োগী।
উমাশংকর নিয়োগী দাসপুরের চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষালাভ করেন। তারপর বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ থেকে ১৯৬৮ সালে হয়েছেন উচ্চমাধ্যমিক উত্তীর্ণ। ১৯৭১ সালে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় থেকে স্নাতক। ১৯৭৪ সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। সেখানে তিনি শিক্ষক হিসেবে পেয়েছিলেন অসিত কুমার মুখোপাধ্যায়, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এবং শঙ্করীপ্রসাদ বসু প্রমুখগণকে। ১৯৮৩ সালে পাঁশকুড়া বনমালী কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করেন।
তিনি সিঁথি রামকৃষ্ণ সঙ্ঘ বিদ্যামন্দিরে একবছর অংশকালীন শিক্ষকের কাজ করেন। কলকাতা পুলিশে কর্মজীবন ১৯৭০ থেকে ১৯৭৯, প্রায় ৯ বছর। কনস্টেবলের চাকরি করতেন। পুলিশি জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না নিজেকে। মনে হয়েছিল যেটুকু শিক্ষা তিনি অর্জন করেছেন সেটুকু যদি ছড়িয়ে দিতে পারতেন তাহলে তাঁর শিক্ষালাভ বোধ হয় সার্থক হবে। সুযোগ আসে শিক্ষকতার চাকরির। ২৬ সেপ্টেম্বর ১৯৭৯ সালে বাংলা সাহিত্যের শিক্ষক হিসেবে যোগদান করেন দাসপুর-১ ব্লকের নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয় থেকেই অবসর গ্রহণ করেন ২৮ ফেব্রুয়ারি ২০০৯ সালে। শুধুমাত্র শিক্ষকতা করবেন বলেই পুলিশের চাকরি ছেড়ে অপেক্ষাকৃত কম বেতনের শিক্ষকতার চাকরি নিয়েছিলেন। যেকোনো বিষয়কে সহজ ও গল্পের ভাষায় শিক্ষার্থীদের চোখে ছবি আঁকতে পারার অসাধারণ দক্ষতা তাঁর ছিল। খুব কম সময়েই ছাত্রছাত্রীদের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন। শিক্ষকতার জীবনে সময়ানুবর্তিতা ও কর্তব্যবোধে তিনি ছিলেন একজন উজ্জ্বল দৃষ্টান্ত।
তাঁর লেখালেখি শুরু স্কুলজীবন থেকে। ‘‘দাসপুর বার্তা’ তে প্রথম ছড়া প্রকাশ। গল্পও লিখতেন। প্রবন্ধ লেখালেখির শুরু মূলত নব্বইয়ের দশকে। বিভিন্ন বিষয়ে লেখালেখি শুরু করলেও লোকসংস্কৃতি, প্রাচীন স্থাপত্য, আঞ্চলিক ইতিহাসের প্রতি প্রবল আগ্রহ অনুভব করতেন। দাসপুরের প্রাচীন মন্দির, মাজার, পারিবারিক দুর্গাপূজা, ভাষা বৈচিত্র্য, ঘাটাল মহকুমার গ্রামনাম ও পদবি, স্বাধীনতা আন্দোলন, পুরাণ নিয়ে উল্লেখযোগ্যভাবে লেখালেখি করেছেন। সৃজন, দেশবন্দনা, কোরাস, মহুল, সাপ্তাহিক বর্তমান, স্থানীয় সংবাদ সহ বিভিন্ন পত্রিকায় এবং
www.ghatal.net নিউজ পোর্টালে তিনি নিয়মিত লিখতেন। তাঁর প্রকাশিত গ্রন্থগুলি হলো–১. ‘দাসপুর: ইতিহাস ও ঐতিহ্য’ (অরিন্দম/২৫সেপ্টেম্বর ২০২২) ২. ‘মেদিনীপুরের ভাষাবৈচিত্র্য প্রসঙ্গ দাসপুর’ (সৃজন/ ৩০জুন ২০২৪) ৩. ‘ঘাটাল মহকুমার গ্রামনাম ও পদবির উৎস সন্ধান’(মহুল/ ডিসেম্বর ২০২৪) ৪. ‘দাসপুরের মন্দির স্থাপত্যে টেরাকোটা : ধর্ম ও সমাজচিত্র’ (মহুল/ মে ২০২৬)। এছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য ২০১৭ সালে ‘টার্গেট ইন্টারভিউ’ নামে একটি বই যৌথভাবে তিনি লিখেছিলেন।
একথা অনস্বীকার্য দাসপুরের স্থানীয় ইতিহাস চর্চা তাঁর হাত ধরে নতুন করে আলোকিত হচ্ছিল। একটি গ্রন্থের ভূমিকায় তিনি লিখেছেন–‘ছাত্রাবস্থায় নিজেদের অতীতকে জানার সুপ্ত ইচ্ছেবীজ বোনা হয়েছিল আঞ্চলিক ইতিহাস প্রণেতা পঞ্চানন রায় কাব্যতীর্থ মহাশয়ের সংস্পর্শে থাকার দিনগুলিতে। পূর্বপুরুষদের রেখে যাওয়া বহু ঐতিহাসিক উপাদান কালের রক্তচক্ষু উপেক্ষা করে এখনো আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার জ্ঞান বুদ্ধি মতো সেগুলি যথাসাধ্য তুলে ধরার চেষ্টা করেছি মাত্র’। আবার কোথাও লিখেছেন– ‘সাধারণ মানুষের আর্থিক সাচ্ছল্য বৃদ্ধি পাওয়ার সাথে সাথে জীর্ণ মন্দির স্থলে নতুন মন্দির গড়ার প্রবণতা দাসপুরে ক্রমবর্ধমান। ব্যক্তিগত মালিকাধীন মন্দিরেও সমাজের মানুষ অকাতরে নতুন মন্দির গড়তে সাহায্য করেছেন। ফলে পুরোনো মন্দিরগুলি টেরাকোটাসহ মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। আবার কোথাও মন্দির সংস্কার করতে গিয়ে অশ্লীল মনে করে মিথুন দৃশ্যের টেরাকোটা ফলকগুলি নষ্ট করে দিয়ে সিমেন্টবালি সহযোগে দেবদেবী মূর্তি নির্মিত হচ্ছে, অসংরক্ষিত অনাদৃত মন্দির থেকে মূর্তি চোরেরা মূর্তি চুরি করে নিয়ে চলে যাচ্ছে। কোথাও বা পোড়ামাটির প্রতিষ্ঠালিপি তুলে দিয়ে, কার দানে মন্দির সংস্কার হল তা শ্বেতপাথরে লেখা হচ্ছে আর যেমন খুশি রঙ লাগিয়ে টেরাকোটার আশু সর্বনাশ ডেকে আনা হচ্ছে। ফলে, হারিয়ে যাচ্ছে, যেতে বসেছে আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া অমূল্য সম্পদ।’
কঠিন বিষয়কেও সহজভাবে পাঠকের কাছে উপস্থাপন করতেন নিজের দক্ষতায়। তিনি ছিলেন সুবক্তা ও স্বাধীনচেতা। মহকুমার বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে তাঁকে দেখতে পাওয়া যেত মূলত আলোচক হিসেবে। তাঁর উপস্থিতি, বাচনভঙ্গি, জ্ঞান, প্রজ্ঞা সকলের কাছেই ছিল আকর্ষণীয়। তিনি ছিলেন বিনয়ী। বিপরীত যুক্তিকেও সম্মান করতেন। তিনি শুধু একজন পণ্ডিত মানুষ ছিলেন না, তাঁর সেন্স অফ হিউমার ছিল প্রচণ্ড। সকলের সঙ্গে হাসি মুখে মিশে যেতে পারতেন। ছিলেন অজাতশত্রু। তাঁর জনপ্রিয়তা প্রমাণ করে তিনি বড়মাপের একজন মানুষ ছিলেন। তাঁর বিপুল পড়াশোনা ও জ্ঞানের ঐশ্বর্য্য তাঁর লেখা ও আচরণে প্রতিভাত হতো। তিনি বেড়াতে ভালোবাসতেন। কোনো প্রাচীন মন্দিরের খবর পেলে বেরিয়ে পড়তেন। টেরাকোটার উপর ছিল তাঁর গভীর পড়াশোনা। ২০২৬ এর ২৬ অক্টোবর ক্ষীরপাইতে একটি মন্দিরের টেরাকোটা দেখে আশ্চর্য হয়েছিলেন। বলেছিলেন–এই মন্দিরের টেরাকোটা না দেখলে জীবনটাই বৃথা হয়ে যেত!
শুধুমাত্র শিক্ষকতা বা লেখালেখির জগতে নিজেকে সমর্পণ করেছিলেন তা নয়। তরুণ বয়সে একজন দক্ষ ভলিবল প্লেয়ার ছিলেন। স্ম্যাশার হিসেবে তিনি জনপ্রিয় ছিলেন। তাঁর উদ্যোগে চাঁদপুর কেন্দ্রিক একটি ভলিবলের টিম তৈরি করেছিলেন। এই টিম নিয়ে তিনি বিভিন্ন জেলায় ভলিবল খেলেছেন দাপটের সঙ্গে। অবিভক্ত মেদিনীপুর জেলার ভলিবলের ক্যাপ্টেন হয়েছিলেন। রাজ্যস্তরেও ভলিবল খেলার পেয়েছিলেন সুযোগ। পুলিশের চাকরি করার সময়ও বিভিন্ন টুর্নামেন্টে ভলিবল খেলতেন।
বিভিন্ন সামাজিক কাজেও তিনি এগিয়ে এসেছিলেন। ‘টালিভাটা-বেলতলা শ্রী শ্রী জগন্নাথ দেব জিউ ট্রাস্ট’-এর ছিলেন সভাপতি। ‘বেলতলা সারদা শিশু শিক্ষা নিকেতন’ এর সভাপতির পদ অলংকৃত করেছেন। নিজের এলাকার এরকম বহুবিধ কাজে তাঁর পরামর্শ ও অংশগ্রহণ ছিল যথাযথ। শুধু নিজের এলাকা নয় ঘাটাল মহকুমার বিভিন্ন প্রতিষ্ঠানের ডাকে তিনি সময় দিয়েছেন। সরকারি ও বেসরকারি উদ্যোগে আবৃত্তি প্রতিযোগিতায় সুদক্ষ বিচারক হিসেবেও তাঁর খ্যাতি ছিল। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এই মানুষটির উপস্থিতি আয়োজকদের কাছে ছিল প্রেরণা।
উমাশংকরবাবুর লেখালেখিতে তাঁর সহধর্মিণী মাননীয়া তপতী নিয়োগী এবং একমাত্র কন্যা অদিতি মহন্ত বিভিন্নভাবে উৎসাহিত করতেন। উমাশংকরবাবুর দাদা শ্রীবাদল নিয়োগী একজন বিশিষ্ট পণ্ডিত মানুষ। দাদা, বৌদি, ভাইপো, বৌমা, নাতনি এবং স্ত্রী এঁদের নিয়ে উমাশংকরবাবুর ছিল যৌথ পরিবার। ভাঙনের এই যুগে নিয়োগী পরিবারের একসঙ্গে থাকার বিষয়টি একটি দৃষ্টান্তমূলক ও বিশেষ শ্রদ্ধার।
৩১ অক্টোবর ২০২৬, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে সাহিত্যের একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন ‘সমাজ চেতনায় রবিঠাকুরের দর্শন’ বিষয়ে। স্বভাবসুলভ নিজস্ব ভঙ্গিতে বলিষ্ঠ উচ্চারণ করতে করতে ব্রেন স্ট্রোকে অসুস্থ হয়ে পড়েন। ঘাটাল মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এরকম একটি মানুষের হঠাৎ চলে যাওয়া শুধু পারিবারিক ক্ষতি নয়, সামাজিক ক্ষতিও বটে। আসলে সমাজে ঋজু ও দৃঢ়চেতা মানুষের বড় অভাব। সত্যিকারের স্বপ্ন দেখানোর মানুষ ক্রমশ কমে আসছে। উমাশঙ্করবাবু ছিলেন একটি বৃক্ষের মতো। তাঁর ছায়া, তাঁর সঙ্গ অনেকটাই আপনজনের মতো ভরসার। তাঁর উপস্থিতি ছিল আমাদের মধ্যে প্রেরণার বাতাস। অনন্তলোকে চলে গেছেন মানেই তো আর সব মুছে যাওয়া নয়। তাঁর জীবনচর্চা, তাঁর অক্ষরযাপন থেকে আলো নিয়ে আলোকিত হওয়াই আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হয়ে উঠুক।
