তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: সরকারি বাস কেন বেসরকারি বাসের সময়ে চলবে— এই অভিযোগ তুলেই খেতুয়া-শ্যামবাজার রুটের একটি বেসরকারি বাসের কর্মী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ক্ষীরপাই ডিপোর করুণাময়ীগামী বাসের লুকিং গ্লাস ভেঙে দেন। আজ সোমবার সকালে এই ঘটনায় ক্ষুব্ধ সরকারি বাসের যাত্রীরা ওই বেসরকারি বাসের কর্মীকে পাকড়াও করে সরকারি বাসে তুলে নিয়েই করুণাময়ীর উদ্দেশে রওনা দেন। পরে পথে পুলিশের মধ্যস্থতায় যাত্রীরা তাঁকে ছেড়ে দেন।
যাত্রীদের অভিযোগ, বেসরকারি বাসের মালিক ও কর্মীদের গাজোয়ারি এবং দাদাগিরির কারণেই ঘাটাল মহকুমার ওপর দিয়ে সরকারি বাস চলাচল করতে চাইছে না। তাই এদিন তাঁরা মেজাজ হারিয়ে বেসরকারি বাসের কর্মীকে উচিত শিক্ষা দিতেই ওই পদক্ষেপ করেন। এই প্রসঙ্গে ক্ষীরপাই ডিপোর ইনচার্জ সৌমেন দাস বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। অন্যদিকে, বাস মালিক সংগঠনের নেতা প্রভাত পান জানান, তিনিও খবরটি পেয়েছেন। তবে বিস্তারিত খোঁজ না নিয়ে কোনও মন্তব্য করবেন না।



