এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় পুলিশি হেফাজতে রাহুলের মৃত্যু: ৭ জানুয়ারির মধ্যে রিপোর্ট তলব করল হাইকোর্ট

Published on: November 24, 2026 । 2:05 PM

নিজস্ব সংবাদদাতা,  স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণা থানায় পুলিশি হেফাজতে যুবক রাহুল রুইদাসের (২০) মৃত্যুর ঘটনায় তদন্তের অগ্রগতি জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আগামী ৭ জানুয়ারির মধ্যে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এনিয়ে মৃতের পরিবারের আইনজীবী সমীরকুমার ঘোষ বলেন, মৃতের বাবা বিফল রুইদাসের দায়ের করা মামলার শুনানিতে সোমবার কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন। ঘটনায় যে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলছে, তার ফলাফল জানিয়ে আগামী বছরের ৭ জানুয়ারি পরবর্তী শুনানির দিন পুলিশ সুপারকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। লকআপে মৃত্যুর বিষয়টি মহামান্য হাইকোর্ট গুরুত্ব সহকারে দেখায় আমরা খুশি। আমাদের বিশ্বাস মৃতের পরিবার সঠিক বিচার পাবে। দোষীরাও শাস্তি পাবে।
মামলাকারীর আইনজীবী প্রবীণ সুপ্রতিম ধর আদালতে জানান, গত ১০ সেপ্টেম্বর রাহুল-সহ তিনজনকে গ্রেফতার করেছিল চন্দ্রকোণা থানার পুলিশ। অভিযোগ ছিল, চন্দ্রকোণা শহরের সুরের হাট মাঠ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে তাঁরা জড়ো হয়েছিলেন। পরদিন ঘাটাল আদালতে তোলা হলে বাকি দু’জনের জেল হেফাজত এবং রাহুলের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যার পর থানাতেই রাহুলের মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য, থানার শৌচাগারে নিজের প্যান্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন রাহুল। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্য দিকে, রাহুলের বাবার অভিযোগ, তাস খেলার আসর থেকে ছেলেকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। তাঁর আরও অভিযোগ, থানার ভিতরেই ছেলেকে মারধর করে প্রাণহানির ঘটনা ঘটানো হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে এর আগে ঘাটাল এসিজেএম আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি।
সোমবারের শুনানিতে রাজ্য মানবাধিকার কমিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার চন্দ্রকোণা থানার ওসির গত ১৮ নভেম্বরের রিপোর্ট আদালতে জমা দেন। রাজ্যের বক্তব্য, রাহুলের মৃত্যুর পরদিন অর্থাৎ ১৪ সেপ্টেম্বর একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়। সেই সূত্রে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলছে।
এ দিন ঘাটালের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১৫ সেপ্টেম্বরের নির্দেশনামাও আদালতে পেশ করা হয়। সেখানে থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ এবং মৃতের পরিবারকে বিষয়টি জানানোর নির্দেশ ছিল। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত এখনও চলায় হাইকোর্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী বছরের ৭ জানুয়ারি। ওই দিন তদন্তের অগ্রগতি ও ফলাফল জানিয়ে পুলিশ সুপারকে রিপোর্ট জমা দিতে হবে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।