মৌমিতা দাঁ, স্থানীয় সংবাদ: বাড়িতে হামলা চালিয়ে অ্যাসবেস্টসের চাল, শৌচালয় ও জলের পাইপলাইন ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। কিন্তু অভিযুক্তদের ভয়ে এখনও থানায় লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যা। চন্দ্রকোণা থানার গাংচা গ্রামের বাসিন্দা সীমা ঘোষের দাবি, অভিযোগ জানালেই তাঁর ও পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সীমাদেবীর পরিবারে রয়েছেন তাঁর স্বামী ও স্কুলপড়ুয়া দুই সন্তান। অভিযোগ, শুক্রবার রাতে তাঁর স্বামী বাড়ির বাইরে ছিলেন। সেই সময় তিনি দুই সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন। সুযোগ বুঝে ১৫ থেকে ২০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি বাড়ি ও শৌচালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, তিনি দুই সন্তানকে নিয়ে একটি ঘরের দরজা বন্ধ করে আশ্রয় নেন। তাঁর দাবি, ওইভাবেই কোনওরকমে প্রাণে রক্ষা পান। ঘটনার জন্য এলাকার বিজেপি কর্মী ও সমর্থকদের দায়ী করেছেন সীমাদেবী। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে চন্দ্রকোণার বিজেপি বিধায়ক সুকান্ত দলুই বলেন, “বিজেপি এই ধরনের ঘটনায় জড়িত নয়। ওই এলাকায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে মাঝেমধ্যেই অশান্তির ঘটনা ঘটে। এই ঘটনাও সেই ধরনের কোনও ঘটনার ফল হতে পারে।”



