স্থানীয় সংবাদ, ঘাটাল: সোশ্যাল মিডিয়ায় অপরিচিতাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পেলেই হুমড়ি খেয়ে পড়বেন না। এর পিছনে লুকিয়ে থাকতে পারে মারাত্মক প্রতারণার ছক!! ফেসবুকে আকর্ষণীয় প্রোফাইল থেকে ফাঁদ পেতে ব্ল্যাকমেল করার এমনই এক চাঞ্চল্যকর চক্রের পর্দাফাঁস করল দাসপুর থানার পুলিশ। মঙ্গলবার রাতে ব্ল্যাকমেলের শিকার হওয়া এক যুবকের সাহসিকতায় পুলিশের জালে ধরা পড়েছে দুই মহিলা সহ পাঁচজন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সোনা দোকানের মালিকও রয়েছেন। উদ্ধার হয়েছে নগদ ৯৪ হাজার ৫০০ টাকা এবং ৯ গ্রাম সোনা।
পুলিশ জানিয়েছে, চক্রটির কাজের ধরন ছিল অত্যন্ত সুপরিকল্পিত। প্রথমে ফেসবুকে মেসেজ করে আলাপ জমানো হতো। তারপর স্বামী বাড়িতে নেই বলে যুবকদের নির্জন ভাড়াবাড়িতে ডেকে আনত চক্রের মহিলারা। সেখানে পৌঁছনোর পরেই চক্রের বাকি সদস্যরা আচমকা ঘরে ঢুকে ভয় দেখিয়ে ভিডিও রেকর্ড করত। এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চলত লক্ষাধিক টাকা আদায়ের কাজ। সম্প্রতি এমনই এক ঘটনার শিকার হন দাসপুরের কুলটিকুরির বাসিন্দা পেশায় ভিনরাজ্যে কর্মরত এক স্বর্ণশিল্পী রথিকান্ত দোলই। দিনকয়েক আগে ফেসবুকে ঝিলিক মাজি নামে এক মহিলার সঙ্গে তাঁর আলাপ হয়। মঙ্গলবার রাতে যুবতী তাঁকে দাসপুর থানার কলোড়ার এক ভাড়াবাড়িতে ডাকে। সেখানে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই এক যুবক নিজেকে ঝিলিকের স্বামী পরিচয় দিয়ে ভিডিও করতে শুরু করে। সঙ্গে হাজির হয় চক্রের আরও দুই সদস্য এক যুবক ও যুবতী। ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে যুবকের কাছ থেকে টাকা চাওয়া হয়। বাধ্য হয়ে ওই যুবক তাঁর সোনার হার বেলতলার পরেশ পাত্র নামে এক স্বর্ণকারের কাছে এক লক্ষ ৩২ হাজার টাকায় বিক্রি করে প্রতারকদের টাকা দেন।
সম্মান হারানোর ভয়ে লুকিয়ে না থেকে ওই যুবক সোজা দাসপুর থানায় অভিযোগ জানান। অভিযোগ পাওয়া মাত্রই তৎপর হয় পুলিশ। কলোড়ার ওই ভাড়াবাড়িতে হানা দিয়ে চক্রের মূল পাণ্ডা ক্ষীরপায়ের ঝিলিক মাজি ও কমল মহান্তি এবং হাওড়া জেলার বিনয় দাস ও সুপ্রিয়া মান্নাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি, ওই প্রতারকদের কাছ থেকে সোনার চেনটি কেনার অপরাধে স্বর্ণকার পরেশ পাত্রকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা জেরায় স্বীকার করেছে, বিভিন্ন জায়গায় ভাড়াবাড়ি নিয়ে তারা এভাবেই সুপরিকল্পিত ছকে বহু যুবককে প্রতারণার ফাঁদে ফেলেছে।
অচেনা প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট! দাসপুরে হানি-ট্র্যাপ চক্রের পর্দাফাঁস, দুই যুবতী ও সোনা দোকানের মালিক সহ গ্রেপ্তার পাঁচ







