মৌমিতা দাঁ, ঘাটাল: শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়াই ‘পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ’-এর নাম ব্যবহার করে দ্বিতীয় সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র ছাপিয়ে স্কুলে স্কুলে বিক্রির অভিযোগ উঠেছে এক শিক্ষক সংগঠনের বিরুদ্ধে। অভিযোগ, বহু স্কুলে জোর করে ওই প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে এবং বর্তমানে সেই প্রশ্নেই পরীক্ষা চলছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদ তদন্ত শুরু করেছে। পর্ষদের নির্দেশে সংশ্লিষ্ট স্কুলগুলির কাছে প্রশ্নপত্রের উৎস ও ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। যদিও অভিযোগ প্রসঙ্গে আরএসএসের শিক্ষক সংগঠনের এক নেতা বলেন, ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে কথা বলেই তিনি এ বিষয়ে মন্তব্য করবেন। এদিকে, শিক্ষা পর্ষদের নাম ব্যবহার করে প্রশ্নপত্র ছাপানো আইনসঙ্গত নয় বলে দাবি করেছেন এবিপিটিএ নেতা শঙ্খশুভ্র বন্দ্যোপাধ্যায়। ঘটনাকে ঘিরে জেলা জুড়ে শিক্ষা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পর্ষদের নাম ভাঙিয়ে প্রশ্ন বিক্রির অভিযোগ, তদন্তে জেলা প্রাথমিক পর্ষদ





