নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মহকুমার তিন পড়ুয়ার রাজ্যস্তরের যোগাসন প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য। আগামী দিনে জাতীয় স্তরের প্রতিযোগিতায় রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবে তারা। গত ১ থেকে ৪ অক্টোবর বীরভূমের বোলপুরের মুলুক ভারত সেবাশ্রম সংঘে প্রতিযোগিতাটি হয়। আয়োজক ছিল ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক স্বীকৃত, যোগাসনা ভারত অনুমোদিত ‘অল বেঙ্গল যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশন’। সংস্থাটি ওয়ার্ল্ড যোগাসনা অনুমোদিত এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগী সদস্য।
দাসপুর-২ ব্লকের বরুণা সৎসঙ্গ হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী কেয়া দাস (বাম দিকের ছবিটি) জুনিয়র বিভাগে আর্টিস্টিক যোগা ও রিদমিক পেয়ারে প্রথম হয়েছে। একই ব্লকের কেশবচক দেশগৌরব হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র দীপাঞ্জন জানা (মাঝের ছবিটি) জুনিয়র বিভাগে আর্টিস্টিক সিঙ্গেলে প্রথম এবং ট্র্যাডিশনালে দ্বিতীয় স্থান পেয়েছে। দাসপুর-১ ব্লকের কলাইকুণ্ডু প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী প্রেয়সী ঘাঁটা (ডান দিকের ছবিটি) অনূর্ধ্ব-১৪ বিভাগে ট্র্যাডিশনালে দ্বিতীয় হয়েছে।
অল বেঙ্গল যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল তা[Ta] তিনজনের জাতীয় স্তরে প্রতিনিধিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন। কেয়ার প্রধান শিক্ষক সুজিত বন্দ্যোপাধ্যায় জানান, পড়াশোনা ও যোগাসনে কেয়া বরাবরই মেধাবী ও পরিশ্রমী। দীপাঞ্জনের আগেও জাতীয় স্তরে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। প্রেয়সী স্কুল গেমসে দু’বার সোনার পদক পেয়েছে। তিন পড়ুয়ার সাফল্যে পরিবার ও বিদ্যালয়গুলিতে খুশির হাওয়া।
রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া









