নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মহকুমা তথা সমগ্র রাজ্যের অন্যতম স্বনামধন্য প্রাবন্ধিক এবং নন্দনপুর হাইস্কুলের বাংলার অবসরপ্রাপ্ত শিক্ষক উমাশঙ্কর নিয়োগী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আজ, ৩১ অক্টোবর ২০২৬ বিকেলে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে নিখিল বঙ্গ সাহিত্য সম্মেলনের একটি অনুষ্ঠান ছিল। সেখানেই তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপর বক্তব্য রাখছিলেন। বক্তব্য রাখার সময়েই তিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়ে দেন, তাঁর দুপুরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করার পথে উলুবেড়িয়ার কাছে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। দাসপুর থানার চাঁদপুরের বাসিন্দা উমাশঙ্করবাবু তাঁর পরিবার-পরিজন ছাড়াও আপামর বাংলাভাষী পাঠকের জন্য রেখে গেলেন তাঁর রচিত অগণিত গল্প এবং গবেষণাধর্মী প্রবন্ধ। সদা হাস্যময় ও নিরহংকারী এই প্রাজ্ঞ মানুষটির প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।
নিউজ ডেস্ক
‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।







