এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্কুলে যাওয়ার বয়সেই মা! নাবালিকা ছাত্রীর সন্তানের জন্ম, এবার গ্রেপ্তার অভিযুক্ত ‘দাদু’

Published on: November 18, 2026 । 10:05 AM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল:যে বয়সে বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলার কথা, সেই বয়সেই সদ্যোজাত কন্যাসন্তানের মা হতে হল এক স্কুলছাত্রীকে! পাঁশকুড়ার পীতপুর হাসপাতালে নাবালিকার সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে এবার গ্রেপ্তার হলেন অভিযুক্ত ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃতের নাম নিরঞ্জন পাখিরা। বাড়ি পাঁশকুড়া থানার যশোড়া এলাকায়। সম্পর্কে তিনি ওই ছাত্রীর বাবার পিসেমশাই, অর্থাৎ ছাত্রীর দাদু। নাবালিকার অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি তাঁর উপর যৌন নির্যাতন চালাতেন। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, প্রসব যন্ত্রণা নিয়ে পীতপুর হাসপাতালে ভর্তি হয়েছিল দাসপুর থানা এলাকার ওই স্কুলছাত্রী। সেখানেই একটি কন্যাসন্তানের জন্ম দেয় সে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসার পর খবর দেওয়া হয় পাঁশকুড়া থানায়। এরপর সামনে আসে নাবালিকার ভয়াবহ অভিযোগ।

গ্রেপ্তারের পর অভিযুক্ত নিরঞ্জন পাখিরাকে পাঁশকুড়া থানা থেকে দাসপুর থানায় নিয়ে আসা হয়েছে। তাঁকে ঘাটাল আদালতে পেশ করার কথা।

এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। পরিবারের অন্দরেই যদি এমন ভয়াবহ নির্যাতনের অভিযোগ ঘটে থাকে, তবে এতদিন তা সামনে এল না কেন? নাবালিকার নিরাপত্তা ও সদ্যোজাত শিশুর ভবিষ্যৎ কীভাবে সুরক্ষিত হবে?

শৈশবের আনন্দ, স্কুলের স্বপ্ন আর স্বাভাবিক জীবন—সবকিছুর মাঝে এমন এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হল ওই ছাত্রীকে। এখন প্রয়োজন ঘটনার নিরপেক্ষ তদন্ত, নাবালিকা ও তার সন্তানের সুরক্ষা এবং দোষ প্রমাণিত হলে অভিযুক্তের কঠোরতম আইনি শাস্তি।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।