সৌমি নাগ দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: বৃহস্পতিবার রাতের অন্ধকারে পরপর একাধিক মন্দিরে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে দাসপুরের বারজালালপুর এলাকায় শীতলা মন্দির ও হরি মন্দিরের তালা ভেঙে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। খোয়া যাওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, চুরির ঘটনাগুলি সিভিক ভলান্টিয়ারের মাধ্যমে জেনেছে। অভিযোগ হলে পুলিশ তদন্ত শুরু করবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙে ভিতরে ঢোকে। শীতলা মন্দির থেকে প্রতিমার রুপোর চোখ, মুকুট ও অন্যান্য রুপোর গয়নার পাশাপাশি বাসনপত্র, ঘণ্টা ও ঝাঁঝ-ঘড়ি চুরি করে নিয়ে যায় তারা। অন্যদিকে, হরি মন্দিরের প্রণামী বাক্স ভেঙে ভিতরে থাকা সমস্ত নগদ টাকা হাতিয়ে নেয় চোরের দল। শুক্রবার সকালে মন্দির পরিষ্কার করতে এবং ফুল তুলতে এসে স্থানীয় বাসিন্দারা প্রথম তালা ভাঙা অবস্থায় দেখতে পান। মুক্তারখানার বাসিন্দা কল্যাণী দলুই জানান, সকালে ধূপ দিতে এসে তিনি ফুলগাছের গোড়ায় তালা পড়ে থাকতে দেখেন। এরপর মন্দিরের দিকে তাকাতেই দেখেন মূল দরজার তালা ভাঙা। খবর পেয়ে পুরোহিত এসে মন্দির খুলে দেখেন, প্রতিমার গায়ের শাড়ি নামিয়ে রুপোর চোখ, গয়না, বাসনপত্র ও ঘণ্টা সবই নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। কল্যাণীদেবী ক্ষোভের সঙ্গে জানান, এর আগেও এলাকায় দু’বার চুরির ঘটনা ঘটলেও কখনও প্রতিমার গায়ে হাত পড়েনি। কিন্তু এবার সরাসরি ঠাকুরের গায়ে হাত দিয়ে গয়না খুলে নেওয়া হয়েছে।
দাসপুরে একাধিক মন্দিরে চুরি









