সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল:ভাঙা বাঁধ দিয়েই ঢুকছে শিলাবতীর জল। চারপাশে জল, ডুবে রয়েছে রাস্তা ও কৃষিজমি। সেই জল পেরিয়েই প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে ছোট ছোট পড়ুয়াদের। বছরের পর বছর বাঁধ বেহাল—অভিযোগ, মেরামতির উদ্যোগ নেই।ঘাটালের দাসপুর-১ ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর, হোসেনপুর, রামদেবপুর, সামাট, রামগড়-সহ একাধিক গ্রাম এখন জলবন্দি। বর্ষা এলেই বদলে যায় এখানকার চেনা ছবি। শিলাবতীর জল বাড়লেই রামদেবপুর এলাকার দীর্ঘদিনের ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে প্লাবিত হচ্ছে গ্রাম।জলের তলায় চলে গিয়েছে কৃষিজমি ও রাস্তাঘাট। জলমগ্ন রাস্তা দিয়েই চলছে মানুষের যাতায়াত। সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের। বইয়ের ব্যাগ কাঁধে, জল পেরিয়েই স্কুলের পথে ছোট ছোট পা।স্থানীয়দের অভিযোগ, এই বাঁধের বেহাল দশা নতুন নয়। বছরের পর বছর ধরে একই অবস্থা। বর্ষা এলেই আতঙ্ক, নদীর জল বাড়লেই প্লাবনের আশঙ্কা। বারবার দাবি উঠলেও স্থায়ী সমাধান হয়নি।তাঁদের প্রশ্ন, এই দুর্ভোগ কি শুধুই প্রকৃতির? নাকি দীর্ঘদিনের অব্যবস্থারও দায় রয়েছে?তৃণমূল সরকারের আমলেও বাঁধ মেরামত হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এবার নতুন সরকারের আমলে সমস্যার স্থায়ী সমাধানের আশায় গ্রামবাসী। এলাকার বিজেপি বিধায়কও দ্রুত সমস্যা খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দিয়েছেন।কিন্তু প্রশ্ন থেকেই যায়—বছরের পর বছর ভাঙা বাঁধের সঙ্গে লড়াই করে আর কত বর্ষা কাটাতে হবে রাজনগরের মানুষকে?
ভাঙা বাঁধে বন্দি রাজনগর, জল পেরিয়েই স্কুলে পড়ুয়ারা






