এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

‘রাখির বন্ধনের ভালোবাসা ‘— সুমন বিশ্বাস

Published on: August 28, 2026 । 12:46 PM
রাখির বন্ধনে ভালোবাসা
সুমন বিশ্বাস

শ্রাবণের মেঘ ভেসে যায় নীল আকাশের গায়,
রাখির রঙিন সুতো আজ ভালোবাসা চায়।
বোনের হাতে স্নেহের রাখি, মধুর পরশখানি,
ভাইয়ের চোখে জমে থাকে শৈশবেরই বাণী।

ছোট্টবেলার সেই দিনগুলি মনে পড়ে আজ,
একসাথে কত হাসি-কান্না, কত যে ছিল সাজ।
ঝগড়া ছিল, অভিমান ছিল, ছিল মিষ্টি রাগ,
তবুও শেষে কচি হৃদয় মুছে নিত সব দাগ।

রাখির সুতো, সুতো নয় শুধু, ভালোবাসার টান,
দূরত্ব যত বাড়ুক তবু রয়েছে তাতেই প্রাণ।
বোনের মুখে হাসি ফুটুক, ভাই থাক সুখে,
এই প্রার্থনা জেগে থাকে হৃদয়েরই বুকে।

জীবনপথে যতই আসুক দুঃখ কিংবা ভয়,
ভাই-বোনের এই বন্ধন যেন কখনও না হয় ক্ষয় ।
রাখির মাঝে লুকিয়ে থাকে অগণিত বিশ্বাস,
একটু স্নেহ, একটু মায়া, অফুরন্ত আশ্বাস।

আজকে তাই রাখির দিনে শপথ নিক মন,
ভালোবাসায় ভরে উঠুক প্রতিটি আপনজন।
সম্পর্কের এই পবিত্রতা থাকুক চিরকাল,
রাখির সুতোয় বাঁধা থাকুক হৃদয়েরই জাল।

রাখি মানে শুধু নয় যে হাতে সুতো বাঁধা,
রাখি মানে পাশে থাকা, মুছে দেওয়া ব্যথা।
রাখি মানে দূর আকাশেও আপনজনের টান,
রাখি মানে ভালোবাসার অমলিন জয়গান।

তাই তো আজ এই উৎসবে একটাই হোক গান—
ভালো থাকুক ভাই-বোনেরা, অটুট থাকুক প্রাণ।
রাখির রঙে রাঙুক জীবন, মুছে যাক সব ক্ষত,
ভালোবাসার বন্ধন হোক পৃথিবীজুড়ে অক্ষত।

রাখির বাঁধনে ঘুচে যাক ধর্মের ভেদাভেদ,
সৌভাতৃত্বের এই বন্ধনে পড়বে না যে ছেদ।
রবি ঠাকুরের হাত ধরে এই সংস্কৃতির শুরু,
তাইতো আজ স্মরণ করি তোমায় কবিগুরু।

বোনেদের প্রার্থনায় ভায়েরা থাকুক ভালো।
সবার জীবন জুড়ে থাকুক উৎসবের আলো।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।